ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে ফেবারিট চিলিও

আপডেট : ০৯ জুন ২০১৫, ২২:৩৫
 
ফুটবলের অন্যতম প্রাচীন টুর্নামেন্ট কোপা আমেরিকার এবারের আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। বরাবরের মতোই ফেবারিটের তালিকায় সবচেয়ে উপরে উচ্চারিত হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার নাম। তবে তার সঙ্গে এবার যুক্ত হচ্ছে স্বাগতিক চিলির নামও। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটায় ইকুয়েডরের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ৯৯ বছর আগে শুরু হওয়া টুর্নামেন্টের এবারের আসর।
 
টুর্নামেন্টের শিরোপাধারী ব্রাজিল বিশ্বকাপে হতাশার ধাক্কা কাটিয়ে ফিরেছে পরিচিত ছন্দে। নতুন কোচ কার্লোস দুঙ্গার অধীনে সর্বশেষ নয়টি প্রীতি ম্যাচের সব কটিতেই জিতেছে তারা। আক্রমণভাগের প্রাণ-ভোমরা অধিনায়ক নেইমার আছেন দুর্দান্ত ফর্মে। নেইমারের বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসিও আছেন তুঙ্গস্পর্শী ফর্ম নিয়ে।
 
আর্জেন্টিনার জন্য চলতি আসরটি শিরোপা খরা ঘোচানোর সুযোগও। মহাদেশীয় এই টুর্নামেন্টে সর্বশেষ তারা শিরোপা জিতেছিল ২২ বছর আগে। এরপর বেশ কয়েকবার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি তাদের। এরমধ্যে ২০০৪ সালে তারা পৌঁছে গিয়েছিল হাত ছোঁয়া দূরত্বে। পেরুতে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত এগিয়ে ছিল তারা। কিন্তু অতিরিক্ত সময়ে সমতা আনার পর শেষ পর্যন্ত টাইব্রেকারে তাদের হারিয়ে উল্লাসে মাতে ব্রাজিল।
 
এই দুই প্রতিষ্ঠিত শক্তির বাইরে আলোচনায় আছে চিলি। স্বাগতিক হবার পাশাপাশি তাদের সম্ভাবনা জোরদার করছে সাম্প্রতিক পারফরম্যান্সও। মূল খেলোয়াড় অ্যালেক্সিজ সানচেজ আর্সেনালের হয়ে কাটিয়েছেন অসাধারণ এক মৌসুম। তাছাড়া বিশ্বকাপের গত আসরে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছে তারা। কেবল ১৯৬২ বিশ্বকাপেই এর চেয়ে ভাল করেছিল বিশ্বের সবচেয়ে সরু ভৌগোলিক সীমারেখার দেশটি। তবে কোপায় কখনোই শিরোপা জিততে পারেনি তারা। টুর্নামেন্টের প্রথম আসরে রানার্সআপ হওয়াটাই তাদের সেরা সাফল্য।
 
আর্জেন্টিনার নেতৃত্বে থাকছেন যথারীতি লিওনেল মেসি। নৈপুণ্য বিচারে ঘোষিত দলে সার্জিও অ্যাগুয়েরো ও এজেকুইয়েল ল্যাভেজ্জি থাকলেও জায়গা পাননি ইতালির সিরি এ’তে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা (১৮) ইন্টার মিলানের মাউরো ইকারডি।
 
১৯৯১ ও ১৯৯৩ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে প্যারাগুয়ে, উরুগুয়ে ও জ্যামাইকার সাথে খেলবে।
অন্যদিকে কোচ দুঙ্গা কোপা আমেরিকার জন্য ব্রাজিলের প্রাথমিক দলে ডেকেছিলেন অভিজ্ঞ কাকা ও উঠতি প্রতিভা ল্যাজিওর ফিলিপে অ্যান্ডারসনকে। যদিও চূড়ান্ত দলে সুযোগ হয়নি তাদের। ক্রুজেইরো স্ট্রাইকার লিয়েনড্রো ড্যামাইয়াও, ফিওরেন্তিনার গোলরক্ষক নেটো ও দুই মিডফিল্ডার শাখটার ডনেটস্ক এর ফ্রেড ও বার্সেলোনার রাফায়েল আলকানতারা ডাক পেয়েছেন।