ম্যারাডোনার চোখ এখন ফিফায়

আপডেট : ০৯ জুন ২০১৫, ২২:৪০
 
দিয়েগো মারাডোনা জানিয়েছেন জর্ডানের যুবরাজ আলি বিন আল হুসেইন যদি ফিফায় সেপ ব্ল্যাটারের উত্তরসূরি নির্বাচিত হন, তাহলে তিনি ফুটবলের বিশ্ব সংস্থাটির সহসভাপতি হতে চাইবেন। একই সাথে বিশ্ব ফুটবল থেকে দুর্নীতির ‘মুলোত্পাটনেরও’ প্রতিজ্ঞা করেন আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তি।
 
ব্ল্যাটার ২৯ মে পঞ্চম মেয়াদের জন্য ফিফার সভাপতি নির্বাচিত হন। কিন্তু যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের বিচার বিভাগের তরফে দুর্নীতি, মানি লন্ডারিং ও ঘুষ গ্রহণের অভিযোগে ফিফার কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার ও তদন্ত শুরুর প্রেক্ষিতে গত সপ্তাহে পদত্যাগের ঘোষণা দেন।
 
সঙ্গত কারণেই এই নির্বাচনে ব্ল্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের যুবরাজ নতুন সভাপতি হতে চাইবেন। যদিও আবার ভোটে দাঁড়ানোর বিষয়ে তিনি  এখনও কিছু জানাননি। তবে অনেকেই ধরে নিচ্ছেন, যুবরাজ আলি নির্বাচন করবেন।
 
ম্যারাডোনা এ প্রেক্ষিতেই আর্জেন্টিনার টেলিভিশনে এক টেলিফোন সাক্ষাতকারে বলেন, “যদি যুবরাজ আলি জেতেন, তাহলে আমার ফিফা সহ-সভাপতি হওয়ার ভাল সুযোগ আছে। যদি আমি সেখানে যাই, তাহলে আমি সবকিছু পরিষ্কার করে ফেলবো।”
 
সাবেক আর্জেন্টিনা অধিনায়ক মত দেন যে তদন্তকারীরা ব্ল্যাটারকে ফিফা থেকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করবে বলে তিনি ভয় পেয়েই পদত্যাগের সিদ্ধান্ত নেন। বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা এও জানান যে যুবরাজ আলির ব্ল্যাটারের স্থলাভিষিক্ত হওয়ার ভাল সম্ভাবনা আছে। তার এমন ধারণার কারণ ব্ল্যাটারের রাজত্বকালে যুবরাজ আলিই তাকে সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে সক্ষম হন।
 
তবে ফিফা সভাপতি পদে ভোটের নতুন দিনক্ষণ এখনো ঠিক হয়নি।