বিমান ভ্রমণ ও ব্যাংক আমানতে খরচ বাড়ল

আপডেট : ১০ জুন ২০১৫, ১১:৪১

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান ভ্রমণের ক্ষেত্রে বিদ্যমান আবগারি শুল্ক বাড়ানো হয়েছে প্রায় দুই তৃতীয়াংশ পর্যন্ত। সেই সঙ্গে ব্যাংক আমানতের বিদ্যমান আবগারি শুল্কও বেড়েছে। সরকার গত ৪ জুন প্রস্তাবিত বাজেটে এ দুটি খাতের আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকেই তা কার্যকর  হয়েছে। অর্থাত্ বিমান ভ্রমণ ও ব্যাংক আমানতের খরচ বেড়েছে। বিমান সংস্থাগুলো ইতিমধ্যে বাড়তি আবগারি শুল্কের অর্থ আদায় শুরু করেছে। রাজস্ব বোর্ড (এনবিআর) আশা করছে, এর মাধ্যমে অতিরিক্ত প্রায় ২শ’ কোটি টাকা আদায় হবে।

 
এনবিআর সূত্র জানিয়েছে, অভ্যন্তরীণ রুটে বিমান ভ্রমণের ক্ষেত্রে একজন যাত্রীর ক্ষেত্রে বিদ্যমান আবগারি শুল্ক ৩শ’ টাকার স্থলে ৫শ’ টাকা হয়েছে। সার্কভুক্ত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রেও শুল্ক ৩শ’ টাকার স্থলে ৫শ’ টাকা। এশিয়া অঞ্চলভুক্ত অন্যান্য দেশের ক্ষেত্রে আবগারি শুল্ক ৫শ’ টাকার স্থলে ১ হাজার টাকা এবং বিশ্বের বাদবাকি দেশের ক্ষেত্রে ১ হাজার টাকার স্থলে ১ হাজার ৫শ’ টাকা। বিমান কর্তৃপক্ষ টিকেট বিক্রির সময় এই অর্থ আদায় করবে।
 

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যে সব যাত্রী ইতিমধ্যে আবগারি শুল্ক ছাড়া টিকেট কিনেছেন, ভ্রমণের আগে বিমানবন্দরে তাদের কাছ থেকে শুল্কের অর্থ আদায় করা হবে। এছাড়া এক বছরের মধ্যে যে কোন সময়ে ব্যাংকে জমা, ঋণ বা আমানত ২০ হাজার টাকা থেকে ১ লাখ টাকার মধ্যে হলে অ্যাকাউন্টধারীকে বিদ্যমান ১২০ টাকার সাথে আরো ৩০ টাকা আবগারি শুল্ক দিতে হবে। ১ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমা, ঋণ বা আমানতের ক্ষেত্রে বিদ্যমান ৩৫০ টাকার স্থলে ৫শ’ টাকা, ১০ লাখ টাকা থেকে ১ কোটি টাকার ক্ষেত্রে বিদ্যমান ১ হাজার টাকার স্থলে ১ হাজার ৫শ’ টাকা, ১ কোটি থেকে ৫ কোটি টাকার ক্ষেত্রে বিদ্যমান ৫ হাজার টাকার স্থলে সাড়ে ৭ হাজার টাকা এবং ৫ কোটি টাকার উপর যে কোন পরিমাণ অর্থের ক্ষেত্রে বিদ্যমান ১০ হাজার টাকার স্থলে ১৫ হাজার টাকা দিতে হবে।