শিবালয়ে গত ৫ দিন যাবত্ গ্যাস সরবরাহ বন্ধ

আপডেট : ১০ জুন ২০১৫, ০০:২২

শিবালয় উপজেলা ও পার্শ্ববর্তী এলাকায় গত পাঁচদিন যাবত্ গ্যাস সরবরাহ না থাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। এর সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং।

 
বেশ কিছুদিন যাবত্ অন্তত ১০/১২ ঘন্টা করে লোডশেডিং দেয়ায় গ্রাহকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমে অব্যাহত লোডশেডিংয়ে নারী-শিশুসহ অনেকই নানা রোগে আক্রান্ত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সঞ্চালন লাইনে জরুরী মেরামত কাজ চলায় গ্যাস বন্ধ রয়েছে ও জাতীয় গ্রিড থেকে বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকায় লোডশেডিং দেয়া হচ্ছে।
 
গত ৫ জুন সকাল থেকে উপজেলার অন্তত ৬শ গ্রাহক গ্যাস সরবরাহ পাচ্ছে না। এতে আবাসিক গ্রাহকরা রান্নাসহ যাবতীয় কাজে ভোগান্তির শিকার হচ্ছেন। ঢাকা-আরিচা মহাসড়কের উথলী থেকে ৩০ কিঃমিঃ দূরবর্তী মানিকগঞ্জের কামতা এলাকায় অবস্থিত অন্তত ১০টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ না পেয়ে অসংখ্য যানবাহন মালিক চালকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। মানিকগঞ্জ শহর ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ৮ হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক গ্যাস না পেয়ে নানা ভোগান্তি পোহাচ্ছেন।
 

স্থানীয় তিতাস গ্যাস সঞ্চালন বিভাগের কর্মকর্তারা জানান, সাভারের বাইপাইল এলাকায় সরবরাহ পাইপে ক্রুটি মেরামতের জন্য গত কয়েকদিন কাজ করায় ও জাতীয় গ্রিড লাইনের চাপ কম থাকায়  সংশ্লিষ্ট গ্রাহকরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। তবে সমস্যা সমাধানের দ্রুত চেষ্টা চলছে।