‘মাকে আমার পড়ে না মনে’ শিরোনামের ঈদের একটি নাটকে দেখা যাবে গুণী অভিনেত্রী ফেরদৌসি মজুমদারকে। নাটকটি পরিচালনা করেছেন শিমুল সরকার। নাটকটি প্রসঙ্গে ফেরদৌসি মজুমদার বলেন, ‘অনেকদিন পর একটি ভালো গল্পে টেলিভিশন নাটক করলাম। এখন আমাদের দেশের নাটকগুলোর গল্প প্রশ্নবিদ্ধ। সেই জায়গা থেকে আমি বলবো এই নাটকটির গল্প অনেক দিক থেকেই মানসম্পন্ন।
আউটডোরের প্রচণ্ড গরম সত্ত্বেও মনে গভীর আনন্দ নিয়ে কাজটি করেছি। আমার ধারণা এই ঈদে ‘মাকে আমার পড়ে না মনে’ হবে অন্যতম সেরা নাটক।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, খালেদা আক্তার কল্পনা, ফারিয়া শবনম, শামীমা তুষ্টি, সাব্বির আহমেদ, বিথী রানী সরকার, আর জে সায়েম, আহসান কবির, তারিক স্বপন প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘ফেরদৌসি মজুমদার ও হাসান ইমামকে নিয়ে কাজ করছি নাটকটিতে। আমি ভাগ্যবান তাদের নিয়ে কাজটি করতে পেরেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে নাটকটি।’
