অনেকদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিল মডেল ও অভিনেত্রী জেনী ও টিভি প্রযোজক তানভীর খানের প্রেমের সম্পর্ক নিয়ে। তবে সম্পর্কের বিষয়টি গণমাধ্যমের কাছে অনেক আগেই পরিস্কার করেন জেনী। গত সোমবার তানভীর খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘এনগেজ’ লিখে একটি পোস্ট দেন। যার মধ্য দিয়ে তাদের সম্পর্কের বিষয়টি পরিস্কার হয়। এর আগে নির্মাতা অমিতাভ রেজার সাথে বিয়ে হয়েছিল জেনীর। তবে সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। এবার দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন এই দু’জন। জেনী ও তানভীরের নতুন জীবনের শুরুতে তাদের শুভেচ্ছা জানান শোবিজের অনেকে। এর আগে তাদের সম্পর্ক নিয়ে জেনীর কাছে জানতে চাওয়া হলে বিয়ের বিষয়টি বরাবরই এড়িয়ে যান তিনি। ‘বিয়ে নিয়ে ভাবার সময় পরে’ এমনই বক্তব্য ছিল তার। সেই সময়টা হয়তো এবার এলো।
এ প্রসঙ্গে জেনী বলেন, ‘সম্পর্ককে একটি পর্যায় নেবার জন্য সময় নেয়া প্রয়োজন। সেই সময়টা আমারও প্রয়োজন ছিল। তবে আগেই বলেছিলাম যখন বিয়ে করবো সবাইকে জানিয়েই করবো। পারিবারিকভাবে বিয়ের সময় ঠিক হলেই বিয়ে তারিখ জানানো হবে।’
জেনী চলতি সময়ে ব্যস্ত আছেন ঈদের নাটক নিয়ে। এই ঈদে একাধিক নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে।
