মাধ্যমিক পরীক্ষাতে জিপিএ-৫ এর আধিক্যের কারণেই কিনা, ভর্তি পরীক্ষার ব্যবস্থা করে আসছিল শীর্ষস্থানীয় কলেজগুলো। তবে শিক্ষা মন্ত্রণালয়ের আপত্তির কারণে পরীক্ষা ব্যবস্থা বন্ধ করে, জিপিএ’র ভিত্তিতে পরীক্ষা নেয়া হচ্ছে সামপ্রতিক সময়ে। সব কলেজ এই নিয়ম মেনে চললেও, দেশের অন্যতম শীর্ষস্থানীয় কলেজ নটর ডেম পূর্বের পদ্ধতিতেই শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। এর মূল কারণ জিপিএ নয় বরং সেরা ছাত্রগুলোকেই বেঁছে নেয়া হচ্ছে। নটর ডেম কলেজে ভর্তি প্রক্রিয়া ও আসন সংখ্যা নিয়ে এই আয়োজন।
এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত এখনো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি নটর ডেম কলেজ কর্তৃপক্ষ। তবে এবারও ভর্তি পরীক্ষা হবে এই কলেজে। ভর্তি পরীক্ষার কথা মাথায় রেখে ভর্তিচ্ছুদের প্রস্তুতি নিতেই হচ্ছে। কেমন হবে সেই প্রস্তুতি?
সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নটরডেমিয়ানের সঙ্গে কথা বলে জানা গেছে, নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষার ধরন পরিবর্তনশীল। গতবার বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছুদেরকে ৫০ নম্বরের পরীক্ষাতে অংশগ্রহণ করতে হয়েছে। মোট চারটি বিষয় অর্থাত্- গণিত, ইংরেজি, পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবচেয়ে বেশি প্রশ্ন থাকে গণিত বিষয়ের উপর। বলে রাখা ভালো, পরীক্ষার সময় ৩০ মিনিট। অন্যান্য বিভাগের পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ের উপর বিজ্ঞান বিভাগের অনুরূপ হয়ে থাকে।
আসন সংখ্যা :বিজ্ঞান বিভাগে গত বছর বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে ভর্তি নেয়া হয়েছে প্রায় দেড় হাজারের মতো। অন্যদিকে, চলতি বছরে স্থানবৃদ্ধি করার কারণে, সেই সংখ্যা পৌঁছে যেতে পারে ২২০০ তে। বিজ্ঞান ছাড়াও গত বছর ব্যবসায় শিক্ষা বিভাগে আসন সংখ্যা ছিল ৭০০ এবং মানবিকে ৪০০। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজ্ঞানের মতো অন্যান্য বিভাগেও এবার আসন সংখ্যা বাড়ানো হচ্ছে।
আবেদন
ঢাকা নটর ডেম কলেজে ভর্তির আবেদনের জন্য নির্দিষ্ট জিপিএ নির্ধারণ করা হয়। গত বছরের তথ্য অনুযায়ী, বিজ্ঞান বিভাগে আবেদনের ন্যূনতম যোগ্যতা (বাংলা ও ইংরেজি উভয় মাধ্যম) জিপিএ-৫.০০ (উচ্চতর গণিতসহ), ব্যবসায় শিক্ষা- ৪.০০ এবং মানবিক- ৩.২৫।
বিভাগ পরিবর্তন
গতবছর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে-৩.২৫, বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ- ৪.৫০ নির্ধারণ করা হয়।
