বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিত্সার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের করা এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. ইকবাল কবিরের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। এছাড়া মির্জা ফখরুলকে চিকিত্সার জন্য বিএসএমএমইউতে ভর্তিতে ‘নিষ্ক্রিয়তা’ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, আইজি প্রিজন, ঢাকা জেলা প্রশাসক, কাশিমপুর কারাগারের জেলার ও ডেপুটি জেলারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনের পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট ফখরুলকে বিশেষায়িত চিকিত্সা দেয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন।
