'বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না'

আপডেট : ১০ জুন ২০১৫, ০৯:৫৮


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ আর ব্যাহত করতে পারবে না। তবে সরকারের যে অর্জন তা যাতে ম্লান না হয় সেদিকে সবার সতর্ক থাকতে হবে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বাংলাদেশ সফরকে সরকারের ব্যাপক কূটনৈতিক সাফল্য উল্লেখ করে বলেন, এই সফরের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার হয়েছে।
 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সহ-সভাপতি ফজলুর রহমান, আকতার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুস সামাজ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ প্রমূখ।

বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।

সজিব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করে দলের নেতা-কর্মীদের সাংগঠনিক রীতি মেনে চলে দলকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে চলতি বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ইত্তেফাককে জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে সজিব ওয়াজেদ জয় দিক নির্দেশনা দিয়েছেন। এসব বিষয়ে তিনি কার্যকরী উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন। তিনি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।