নিজের ভবিষ্যত নিয়ে সব ধরনের আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বার্সেলোনার সাথে আরো দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। চলতি বছর ৩০ জুন ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের সাথে বার্সেলোনার চুক্তি শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু বার্সেলোনার কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে ২০১৭ সাল পর্যন্ত এই চুক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন আলভেস। তবে চুক্তিতে তৃতীয় বছরের শর্তও রাখা হয়েছে।
সেভিয়া থেকে ২০০৮ সালে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন আলভেস। বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৩৪৩ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার যা ক্লাবের ইতিহাসে কোনো বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ। এই সময়ের মধ্যে তিনি বার্সেলোনার হয়ে ১৯টি শিরোপা জয় করেছেন। যার মধ্যে রয়েছে পাঁচবার লা লিগা, তিনবার চ্যাম্পিয়নস লিগ, তিনবার স্প্যানিশ কাপ, দুইবার ইউরোপীয়ান সুপার কাপ, চারবার স্প্যানিশ সুপার কাপ এবং দুইবার ক্লাব বিশ্বকাপ।
যে সাতজন খেলোয়াড় বার্সেলোনার হয়ে দুইবার ট্রেবল জয়ী দলের সদস্য ছিলেন তার মধ্যে আলভেস একজন। সম্প্রতি বার্লিনে জুভেন্টাসকে হারিয়ে দ্বিতীয় ট্রেবল জয় করে কাতালানরা।
