মিটফোর্ডে কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি

আপডেট : ১০ জুন ২০১৫, ২২:২৬
 
ঢাকার মিটফোর্ড হাসপাতালে কর্মচারীদের কর্মবিরতির কারণে ভোগান্তি পোহাতে হয়েছে রোগী ও তাদের স্বজনদের।
 
চার দফা দাবিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা আগের ঘোষণা অনুযায়ী বুধবার ১১টা থেকে ১টা পর্যন্ত কাজ ছেড়ে হাসপাতাল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। আগামী বৃহস্পতিবারও একই দাবিতে কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়েছে।
 
কর্মসূচি চলার সময় হাসপাতালের অফিস সহকারী ও করণিকরা এ কর্মসূচিতে যোগ দেয়ায় হাসপাতালের বহির্বিভাগে টিকেট বিক্রি বন্ধ হয়ে যায়। স্থবিরতা দেখা যায় জরুরি বিভাগের কাজেও।
 
এসময় চিকিৎসা নিতে আসা অনেককেই বহির্বিভাগ ও জরুরি বিভাগের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
 
আন্দোলনরত কর্মীদের চার দফা দাবিগুলো হল- কর্মচারীদের আবাসন সমস্যার সমাধান, পোষ্য কোটা থেকে চল্লিশ শতাংশ নিয়োগ, অসুস্থ কর্মচারীদের জন্য আলাদা বিছানা ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীদের (সুইপার) আবাসিক ভবন না ভাঙা।