উত্তরা ব্যাংকের ৩ কোটি টাকার অনিয়ম তদন্তে দুদক

আপডেট : ১০ জুন ২০১৫, ১৯:৫৬
উত্তরা ব্যাংক লিমিটেডের নারায়ণগঞ্জ শাখা থেকে তিন কোটি টাকা আত্মসাৎ মামলার তদন্তে নেমেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন (দুদক)। উল্লেখ্য, উত্তরা ব্যাংকের নিতাইগঞ্জ শাখা থেকে নারায়ণগঞ্জ শাখায় জমা হওয়া টাকা উধাও হওয়ার ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ২০১৪ সালের মে মাসে নারায়ণগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলায় নারায়ণগঞ্জ শাখার প্রধান ক্যাশ অফিসার মো. মোক্তার আলীকে আসামি করা হয়। চলতি বছরের ২১ মে মামলার তদন্তভার দুদকের ওপর এলে সম্প্রতি কমিশন মামলাটির তদন্ত শুরু করে। দুদকের উপ-পরিচালক মো. আবদুস সোবহানকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়।
 
দুদক সূত্র জানায়, সাধারণত যে কোনো ব্যাংকের শাখায় অতিরিক্ত টাকা জমা হলে নিরাপত্তার স্বার্থে অর্থের একটি বড় অংশ সংশ্লিষ্ট শহরের প্রধান শাখায় জমা করা হয়। এরই ধারাবাহিকতায় উত্তরা ব্যাংকের নিতাইগঞ্জ শাখায় প্রয়োজনের অতিরিক্ত টাকা জমা হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ প্রায়ই ওই টাকা নারায়ণগঞ্জ শাখায় প্রেরণ করত। এ প্রক্রিয়ায় ২০১৪ সালের বিভিন্ন সময়ে চার থেকে পাঁচবার সর্বমোট নিতাইগঞ্জ শাখা কর্তৃপক্ষ তিন কোটি টাকা নারায়ণগঞ্জ প্রধান শাখায় পাঠায়। নারায়ণগঞ্জ শাখার প্রধান ক্যাশ অফিসার মো. মোক্তার আলী ওই টাকা গ্রহণ করেন। তবে তিনি ওই টাকার কথা ব্যাংক কর্তৃপক্ষের কাছে অস্বীকার করেন এবং ওই অর্থ আত্মসাৎ করেন।
 
২০১৪ সালের ১৬ মে ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. খায়রুল আলম বাদী হয়ে নারায়ণগঞ্জ মডেল থানায় মোক্তার আলীকে আসামি করে মামলাটি দায়ের করেন। ব্যাংক কর্তৃপক্ষ মোক্তার আলীকে সাময়িকভাবে বরখাস্ত করে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।