অন্যান্য বছরের মতই আসন্ন রমজান মাসেও ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রমজানে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়াটা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। আর ব্যাংকারদের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত। প্রতিবছরই রমজান মাসে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ সময়ের মতো রমজান মাসেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। আর রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন হবে আড়াইটা পর্যন্ত। আর বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকলেও বর্তমানের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কাজ অব্যাহত রাখতে হবে। রমজান মাস শেষ হলে বর্তমান নিয়মে অফিস ও লেনদেন হবে।
