রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়কে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। তুচ্ছ ঘটনার জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের স্টেডিয়াম মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মার্কেটের গণশিল্পী সংস্থার কার্যালয়ের জানালা খোলা নিয়ে তর্কের জের ধরে মনোবিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী সংস্কৃতিকর্মী বাসুদেব রায়কে বেধড়ক পিটিয়ে জখম করে ছাত্রলীগ কর্মী ও আইন তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদ্দাম হোসেন সজীব ও তার সহযোগীরা। এতে বাসুদেবের ডান পা ভেঙ্গে যায়। তাকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সজীব বলেন, ‘আমাকে আগে ঘুষি মারায় তাকেও একটু মেরেছি।’
এদিকে বাসুদেবের ওপর হামলার প্রতিবাদে সংস্কৃতি কর্মীদের কর্মসূচিতে গতকাল বুধবার উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। এসময় তারা হামলাকারী সজীব ও তার সহযোগীদের ছাত্রত্ব বাতিল, গ্রেফতার ও সংস্কৃতিকর্মীদের নিরাপত্তার দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেন। এছাড়া দুপুর ১টার দিকে ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট।
এছাড়া গতকাল সকাল ১০টার দিকে বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আরেক ছাত্রলীগ কর্মী ও আরবী চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম রাজু শহীদুল্লাহ কলাভবনের তৃতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসানকে বেধড়ক পিটুনি দেন। তবে উত্ত্যক্তের অভিযোগ অস্বীকার করেছেন রাজু ।
ছাত্রলীগের এই হামলার ব্যাপারে রাবি প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জানান, ‘পৃথক হামলার ঘটনা শুনেছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
