বর্ষার প্রথম বৃষ্টিতে স্বস্তি, যানজটে তীব্র ভোগান্তি

আপডেট : ১১ জুন ২০১৫, ১৭:৩১
 
‘‘নীল নবঘনে আষাঢ় গগনে
তিল ঠাঁই আর নাহিরে
ওরে, আজ তোরা যাসনে ঘরের বাহিরে’’
 
আর যাই হোক, কবিগুরুর এই আহ্বানে সাড়া দেয়া সম্ভব নয় বেশিরভাগ ঢাকাবাসীর। তাই তো তীব্র দাবদাহে অতিষ্ট জনজীবনে বর্ষার এই বৃষ্টি স্বস্তি বয়ে আনলেও তীব্র যানজটে অতিষ্ট হয়ে উঠেছে নগরবাসীর সকালটা। বৃষ্টিতে ভিজে ভিজেই অফিসে পৌঁছাতে হয়েছে আগেভাগে প্রস্তুতি না থাকা মানুষদের।
 
তখন সকাল নয়টা। আসাদগেট থেকে ফার্মগেট পুরো রাস্তায় শুধু গাড়ি আর গাড়ি। মাঝখানে সংসদ ভবনের সামনের পথ দিয়ে শুরু হয়েছে অফিসগামী মানুষের মিছিল। অতি সতর্ক কারো কারো কাছে ছাতা ও রেইনকোট থাকলেও বেশিরভাগ মানুষ বৃষ্টি মাথায় নিয়েই ছুটে চলেছে।
 
টানা কয়েকদিন তাপপ্রবাহের পর প্রবল বৃষ্টি থমকে দিয়েছে রাজধানীর জীবন। সারারাত হালকা বৃষ্টি হলেও সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ভোরের দিকে শুরু হয় মাঝারি ও ভারি বর্ষণ। এতে অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজমুখী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশেই মাঝারি ও ভারি বর্ষণ হচ্ছে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, বৃষ্টিতে অনেক সড়কে পানি জমে গেছে। রাজধানীর আসাদগেট, ফার্মগেট, মিরপুর, কারওয়ান বাজার, রমনা, কাকরাইলসহ বেশ কিছু এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এছাড়া গুলশান, নিকেতন ও হাতিরঝিল-সংলগ্ন এলাকায়ও যানজট তীব্র আকার ধারণ করে। হাতিরঝিল-সংলগ্ন পুলিশ প্লাজা কনকর্ড ভবনের উদ্বোধনী অনুষ্ঠান এবং বৃষ্টির কারণে ওই এলাকায় যানজট সৃষ্টি হয় বলে পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে।