মেসির কারণেই বার্সেলোনায় আছি: আলভেস

আপডেট : ১১ জুন ২০১৫, ১৫:৩৭
 
বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্তের পিছনে লিওনেল মেসির বিরাট ভূমিকা আছে বলে জানিয়েছেন দানি আলভেস।
 
এবারের গ্রীষ্মে ফ্রি টান্সফার উইন্ডোতে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার ক্যাম্প ন্যু ছেড়ে চলে যাওয়ার চিন্তা করেছিলেন। দলে তার অবস্থান এবং প্রাথমিকভাবে চুক্তিতে নবায়ন সম্পর্কিত শর্ত এসবই আলভেসকে বেশ হতাশ করে তুলেছিল। তবে সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে মঙ্গলবার কাতালান জায়ান্টদের সাথে সেভিয়ার সাবেক এই ডিফেন্ডার দুই বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেছেন।
 
এই চুক্তিতে তৃতীয় বছরের শর্তও দেয়া আছে। এই রাইট ব্যাক স্বীকার করেছেন, মেসির কারণেই আজ তিনি আবারো বার্সেলোনার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ সম্পর্কে আলভেস বলেন, মেসি আমাকে বলেছে, এখানে থেকে যেতে। অনেক দিন আগে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তখনো মেসি আমাকে ক্লাবের ব্যাপারে উত্সাহ দিয়েছিল। বছরখানেক আগে মেসি এবং আমাকে অন্য একটি ক্লাব নেয়ার ব্যাপারে আগ্রহ দেখালে আমরা বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। তখনই আমরা বুঝতে পেরেছিলাম এখানে যা পাচ্ছি বিশ্বের অন্য কোনো ক্লাবে গিয়ে আমরা সেই স্বস্তি পাবো না। ট্রেবল জয়ের পরে এবং আগে আমি সবসময়ই বলেছি যেখানে আমি আছি সেই জায়গাটা আমি সত্যিকার অর্থেই পছন্দ করি। কিছু সময়ের জন্য আমার মনের মধ্যে খটকা লেগেছিল। কিন্তু পরের দিনই আমি আবার বুঝতে পারি এখানকার মানুষ আমাকে কতটা পছন্দ করে, আমাকে শ্রদ্ধা করে, এসবই আমাকে থেকে যেতে উদ্বুদ্ধ করেছে। আমি সবসময়ই নিজের মনকে প্রাধান্য দেই।’