বলিউডের নায়িকাদের সাথে সালমানের সুসম্পর্কটা সবারই জানা। সালমানের ‘দাবাং’ ছবির মধ্য দিয়েই বলিউডে আলোচনায় আসেন সোনাক্ষী সিনহা। সেই থেকেই দু’জনের সম্পর্কটা বেশ রমরমা। এবার সেই সম্পর্কের বিষয়টি আরও ভালোভাবে জানান দিলেন দাবাং তারকা সালমান খান।
চমকে দিলেন বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে। সোনাক্ষীর ২৮তম জন্মদিনে বিশাল সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিলেন সালমান।
এর আগেও বলিউড সুন্দরী সাথে প্রেমের গুঞ্জন ছিল পুরো বলিউডপাড়ায়। তখনও ঐশ্বরিয়া রায় বচ্চনকে অনেক ধরনের উপহার দিয়ে চমকে দিতেন তিনি। এরপর ক্যাটরিনার সাথে প্রেমের সম্পর্কেও ছিলেন অনেকদিন। সম্প্রতি শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিনের সাথে সম্পর্ক নিয়ে জল অনেক ঘোলা করেন এই তারকা। তার নামে একটি বাংলোও কেনেন সালমান।
এবার সোনাক্ষী সিনহা! সোনাক্ষীর জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিলেন বলিউডের বেশিরভাগ আলোচিত মুখ। শুধু সোনাক্ষীর জন্য পার্টিই আয়োজন করেননি, তার জন্য সব উপহার নিজে খুব খুটিয়ে খুটিয়ে কিনেছেন সালমান। সোনাক্ষী বলেন, ‘সালমান অনেক ভালো একজন মানুষ। তার জন্যই আমার আজকের অবস্থান। পার্টিতে এত সব আয়োজন দেখে আমি তো অবাক। অনেক ভালো লেগেছে।’
