বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারের হাতে বিকল্প রয়েছে। দেশের অন্য যেকোনো স্থানে এ প্রকল্প হতে পারে। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার নিজ জেলাতেও এটা হতে পারে। আমরা কোনো বিরোধিতা করব না। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিকল্প থাকলেও আমাদের বিকল্প কোনো সুন্দরবন নেই। তাই সুন্দরবনকে বাঁচাতে আমরা সরকারকে রামপাল থেকে সরে আসার অনুরোধ ও আহ্বান জানাচ্ছি।
বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
রিপন বলেন, সিপিবি-বাসদ ও আমরা (বিএনপি) শুধু নই, আমরা বিশ্বাস করি দেশের একটি বৃহৎ অংশ যারা আওয়ামী লীগের নৌকায় ভোট দেন, তাদের মধ্যেও অনেক বিবেকবান মানুষ রয়েছেন; যারা রামপালে বিদ্যুৎ প্রকল্প হোক তা মন থেকে চান না। হয়ত দলীয় সিদ্ধান্তের কারণে তারা তা ডিসক্লোজ করতে পারেন না।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণের জন্য সরকার। জনগণের গলা কাটার জন্য সরকার নয়। আমরা বিশ্বাস করি, বিশ্বাস করতে চাই, সরকার যদি জনগণের কল্যাণে বিশ্বাস করে, তাহলে রামপাল থেকে ওই বিদ্যুৎ প্রকল্পটি তারা সরিয়ে আনবে।
রিপন বলেন, আমরা (বিএনপি) দেশে নতুন বিদ্যুৎকেন্দ্রর বিরোধী নই। আমরা চাই দেশে আরও বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হোক।
