আগামী নির্বাচনের আগেই বিএনপি খণ্ড-বিখণ্ড হয়ে যাবে: খাদ্যমন্ত্রী

আপডেট : ১১ জুন ২০১৫, ১৯:০১
খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেছেন, রাজনীতিতে ভুলপথে অগ্রসর হয়ে এখন খেসারত দিচ্ছে বিএনপি। আগামী নির্বাচনের আগেই বিএনপি খণ্ড-বিখণ্ড হয়ে মুসলিম লীগের মতো হয়ে যাবে।
 
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা পরিষদ আয়োজিত ‘জামায়াত-বিএনপির ষড়যন্ত্র ও জঙ্গীবাদী রাজনীতি প্রতিরোধে দেশবাসীর করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি আরো বলেন, ভুল ষড়যন্ত্র, হুমকি ও অহমিকার রাজনীতি বিএনপিকে একেবারে বিলীন হওয়ার পথে নিয়ে যাচ্ছে।
 
তিনি বলেন, বিএনপি এখন একদিকে জঙ্গি ও জামায়াতের সঙ্গে আতাঁত করছে, অন্যদিকে ভারতের সাথে বন্ধুত্ব করতে চায়। তবে যত চেষ্টাই করুক ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাদের জন্ম, ষড়যন্ত্রের রাজনীতির অস্তিত্ব বেশি দিন থাকে না। খাদ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সম্পর্কে বলতে চাই না। তার সম্পর্কে তার দলের সিনিয়র নেতাদের অভিব্যক্তিই যথেষ্ট।
 
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।