বাড্ডায় গৃহকর্তীকে হত্যার পর ডাকাতি

আপডেট : ১১ জুন ২০১৫, ২১:১৭
রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় বৃহস্পতিবার সকালে এক গৃহকর্তীকে হত্যা করে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। নিহত গৃহকর্তীর নাম শাপলা (৩২)। মধ্য বাড্ডার বাজার গলির ৬৩৪ নাম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই গৃহকর্তীর লাশ উদ্ধার করেছে। শাপলার স্বামীর নাম কাজী ওয়াহিদুজ্জামান।
 
বাড্ডা থানার এসআই নূরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে কাজী ওয়াহিদুজ্জামান ওই বাড়ির দোতালার ভাড়া বাসা থেকে তার মেয়ে নদিসাকে ভিকারুন নিসা নূন স্কুলে দিতে যান। বাড়ি ফিরে এসে তিনি স্ত্রীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
 
ওয়াহিদুজ্জামানের বরাত দিয়ে এসআই আরো জানান, ওই বাসা থেকে সোনার গয়নাসহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে হত্যাকারীরা। আলমারি তছনছ করা ছিল। আসবাবপত্রও ছড়ানো ছিটানো ছিল। সম্ভবত দুর্বৃত্তদের চেহারা চিনে ফেলায় ওই নারীকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।