মৌসুমি বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। গত বুধবার টেস্টটির উদ্বোধনী দিনেও বৃষ্টির কারণে এক সেশনের কিছু সময় খেলা হয়নি। কাল দ্বিতীয় দিন বৃষ্টির দাপটে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়লে দুপুরের দিকে আম্পায়াররা দিনের খেলা বাতিল করে দেন।
গতকাল সাড়ে পাঁচটা থেকে বৃষ্টি শুরু হয়। আগে থেকে কভার দিয়ে উইকেট ঢেকে রাখা হলেও মাঠের চারপাশে জমে ছিল পানি। অবশেষে দুপুর ১২টা ৫০ মিনিটে বৃষ্টি কমলে মাঠ পর্যবেক্ষণে নামেন ম্যাচের দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও নাইজেল লং। দীর্ঘক্ষণ মাঠ পর্যবেক্ষণ করার পর দুপুর ১.৪০ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন তারা। এর আগে অবশ্য স্টেডিয়ামের কিউরেটর জানিয়েছিলেন, বৃষ্টি থেমে যাওয়ার দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে মাঠ খেলার উপযোগী করে তোলা সম্ভব।
বাংলাদেশ ও ভারতীয় দল অঝোর ধারার বৃষ্টির কারণে কাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামমুখো না হয়ে হোটেলেই সময় কাটায়। মাঠ থেকে খেলা শুরুর নির্দেশনা পেলেই তাদের ফতুল্লাহ যাত্রা করার কথা ছিল। ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে অবশ্য আজ তৃতীয় দিনের খেলা আধ ঘণ্টা এগিয়ে এনে সকাল সাড়ে নয়টায় মাঠে গড়ানো হবে। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি আবারো বাগড়া দেবে।
ভারতীয় দল প্রথম দিনে অনুষ্ঠিত ৫৬ ওভারের খেলায় বিনা উইকেটে ২৩৯ রান তুলেছিল। শিখর ধাওয়ান ১৫০ ও মুরালি বিজয় ৮৯ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ দল হাতে গোনা দুয়েকটি সুযোগ তৈরি করলেও কখনো ফিল্ডার, কখনো আম্পায়ারের তরফে সাড়া না মেলায় সাফল্যের দেখা মেলেনি।
