তারকা স্ট্রাইকার লিওনেল মেসি বার্সেলোনার হয়ে গত শনিবার বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মধ্য দিয়ে ২৪তম শিরোপা জিতেছেন। সময়ের সেরা এই তারকার ক্লাব ক্যারিয়ার অনেক সমৃদ্ধ হলেও জাতীয় দলের হয়ে এখনো আশানুরূপ দ্যুতি ছড়াতে পারেননি। আর্জেন্টিনাকে এনে দিতে পারেননি কোনো শিরোপা। তাই এবারের কোপা আমেরিকা সামনে রেখে এই প্রশ্নটি বারবার আসছে, এবার মেসি কী জাতীয় দলের হয়ে শিরোপা জিততে পারবেন?
এবারের কোপায় সাফল্য দেখাতে পারলে আর্জেন্টিনার জন্য গত বিশ্বকাপের ব্যথা ভুলাও সহজ হবে। যেখানে মেসিরা বিশ্বসেরা হওয়ার খুব নিকটে গেলেও ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ে একমাত্র গোলে হারতে হয়। ব্রাজিলের বিশ্বকাপে মেসি চারটি গোল পেলেও, ফাইনালে গোলশূন্য থাকতে হয় তাকে। তবে আসরে গোল্ডেন বল জেতা মেসির জন্য কিছুটা সন্ত্বনাসূচক হলেও, তাতে সন্তুষ্ট ছিলেন না তিনি। কেননা শিরোপাটাই উঁচিয়ে ধরতে চেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এ ব্যাপারে মেসি বলেন, ‘এ ক্ষেত্রে আমি আমার পুরস্কার ও অন্য কোনো কিছুকেই পাত্তা দেই না। কেননা আমি কেবল চেয়েছিলাম, শিরোপাটা তুলে ধরতে। এই কষ্টটাই অনেক বড়।’ বিশ্বকাপে মেসিদের এই কষ্ট কাটাতে এখন তাকিয়ে থাকতে হচ্ছে ২০১৮ সালের ব্রাজিল বিশ্বকাপের দিকে।
তবে ব্রাজিল বিশ্বকাপের হতাশায় খেই হারাননি মেসি। ক্লাব ফুটবলের সদ্য সমাপ্ত মৌসুমে বার্সার হয়ে ট্রেবল জিতে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। নৈপুণ্যের এই ধারাটা কোপা আমেরিকায় ধরে রাখতে চান চারবারের বিশ্বসেরা এই ফুটবলার।
সামপ্রতিক সময়ে দারুণ খেলছেন তিনি। ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় গত ১২ ম্যাচে দশটি গোল করেছেন তিনি। এর মধ্যে কোপা ডেল রে’র ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মোহনীয় একটি গোল করেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। বলা যায় সীমাহীন প্রতিভার এই তারকা যেকোনো সময়ের থেকে এখন আরো বেশি নান্দনিক ফুটবল খেলছেন।
স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ গুইলেম ব্যালাগু মনে করেন, আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনাকে অনুপ্রাণিত করা এবং কোপায় দলকে সফল করার জন্য এটাই মেসির সঠিক সময়। বার্সার এই তারকার ব্যাপারে গুইলেম বলেন, ‘কেন নয়? সে খুবই আর্জেন্টিনা অনুরাগী খেলোয়াড়। যত বেশি সে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে, ততই আর্জেন্টাইনদের জন্য কিছু এনে দেয়ার তাগিদ অনুভব করছে। বিশ্বকাপটা তার জন্য ভালো একটি সুযোগ ছিলো। কিন্তু ওখানে প্রখরতাটা পুরোপুরি দেখাতে পারেনি সে। সে নিজেও বিষয়টা স্বীকার করেছে। কিন্তু কোপা আমেরিকা তার জন্য ভালো একটি সুযোগ হতে পারে।’
ক্লাব বার্সেলোনার হয়ে অনেক শিরোপা জিতেছেন মেসি, তাকে সর্বকালের সেরা খেলোয়াড় বিবেচনা করতে হলে কী জাতীয় দলের হয়েও সাফল্যের দরকার আছে? এমন প্রশ্নের উত্তরে ব্যালাগু বলেন, ‘আমার কাছে সে সর্বকালের সেরা খেলোয়াড়।’
তিনি আরো বলেন, ‘সে যদি কোপা আমেরিকা জিততে পারে, তখনো মানুষ বলবে, ‘ও হ্যাঁ, এটা তো বিশ্বকাপ নয়’। এরপরও তাকে সেরা বলার বিতর্কটা থেকেই যাবে। এ ক্ষেত্রে এমন এক জনের কথা শুনুন যে কি-না তার (মেসির) সঙ্গে কাজ করেছে; কোচ পেপ গার্দিওলা এবং অন্যরাও বলেন এমন খেলোয়াড় এর আগে দেখা যায়নি। বিতর্ক থাকবেই, এমনকি সে যদি ম্যারাডোনার মতো দু’বার বিশ্বকাপ জিতলেও বিতর্ক থাকবে।’
সত্যিকার অর্থেই বিশ্বকাপের সঙ্গে কোপা আমেরিকার তুলনা চলে না। তারপরও এই শিরোপাটি জিততে পারলে আন্তর্জাতিক পর্যায়ে মেসির ক্যারিয়ার একটু হলেও সমৃদ্ধ হবে বৈকি। দেখা যাক, চিলিতে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা শিরোপা জয়ের উদযাপনে মাততে পারে কি-না?—স্কাই স্পোর্টস
