সবচেয়ে ধনী কোচ হচ্ছেন শাস্ত্রী?

আপডেট : ১২ জুন ২০১৫, ০১:৪৭

সাবেক অধিনায়ক ও বর্তমান পরিচালক রবি শাস্ত্রীই ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হতে যাচ্ছেন। দেশটির প্রভাবশালী দৈনিক হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবরে বলা হয়েছে—ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচও হতে পারেন শাস্ত্রী। বছরে ৭ কোটি রুপিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তার সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

 
বিসিসিআই ৫৩ বছর বয়সী শাস্ত্রীকে টেলিভিশনের ধারা ভাষ্যকার হিসেবে বছরে ৪ এবং দলপরিচালক হিসেবে ৬ কোটি রুপি দিয়ে আসছিল।
 
বাংলাদেশ সফরে আসার আগে কলকাতায় শাস্ত্রী বলেছিলেন, এক টেস্ট এবং তিন ওয়ানডের এই সিরিজ শেষে বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। এই মুহূর্তে মনে হচ্ছে, তার আর্থিক ক্ষতি বিসিসিআই কীভাবে পূরণ করবে কেবল সে বিষয়েই আলোচনা হতে পারে দুই পক্ষের। অন্য সব কিছুতে নিজেদের বোঝাপড়াটা ঠিকভাবেই সেরে ফেলেছেন তারা।
 
ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলিও শাস্ত্রীর ব্যাপারে আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
 
সাবেক কোচ ডানকান ফ্লেচারকে বছরে বিসিসিআই সাড়ে চার কোটি রুপি পারিশ্রমিক দিত। ২০১৫ বিশ্বকাপের পর বিসিসিআইয়ের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।
 
বাংলাদেশ সফরের পর নতুন কোচের নাম ঘোষণা করতে পারে বিসিসিআই। নতুন কোচ হিসেবে শাস্ত্রী নিয়োগ পেলে ২০০০ সালের পর এ পদে তিনিই হবেন প্রথম ভারতীয়।
 

বাংলাদেশ সফর শেষে আগামী মাসে জিম্বাবুয়ে সফরের আগেই আনুষ্ঠানিকভাবে ভারতীয় দলের কোচ হিসেবে শাস্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে।—হিন্দুস্তান টাইমস অবলম্বনে