লন্ডনে প্রধানমন্ত্রী

আপডেট : ১২ জুন ২০১৫, ২১:৫৬
 
ছয়দিনের সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকাল ৩টা ৪৭ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরআগে সকাল ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ঢাকা ত্যাগ করে।
 
তৃতীয় দফায় নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটা তার প্রথম যুক্তরাজ্য সফর। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রমুখ।
 
 বিমানবন্দর থেকে তিনি মোটর শোভাযাত্রা সহকারে পার্ক লেনের লন্ডন হিল্টন হোটেলের উদ্দেশে যাত্রা করেন। সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।
 
আগামী রবিবার লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে। ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ লন্ডনের পার্ক লেনের একটি পাঁচ তারা হোটেলে এই সংবর্ধনার আয়োজন করেছে।
 
আগামী বুধবার স্থানীয় সময় বিকাল সোয়া ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রী হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। বৃহস্পতিবার সকালে তিনি দেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।