ফতুল্লা টেস্টে সাকিব আল হাসানের চতুর্থ শিকার হয়েছেন অজিঙ্কা রাহানে (৯৮)। রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০৩ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ৪৬১ রান। ক্রিজে আছেন হারভাজন সিং (৬) ও রবীন্দ্রচন্দ্র অশ্বিন (২)।
বৃষ্টির কারণে দ্বিতীয় দিন খেলা না হওয়ায় শুক্রবার নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে সাড়ে নয়টায় খেলা শুরু হয়। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে খেলা শুরু করে ভারত। তৃতীয় দিনের শুরুতে সাকিব আল হাসানের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান শিখর ধাওয়ান (১৭৩)। প্রথম দিন ৭৩ রানে জীবন পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পরের ওভারে রোহিত শর্মাকে (৬) বোল্ড করেন সাকিব।
সাকিবের জোড়া আঘাতের পরে জুবায়ের হোসেনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান বিরাট কোহলি (১৪)।
অপরাজিত থেকে মুরালি বিজয় (১৪৪) ও অজিঙ্কা রাহানে (৫৫) থেকে বিরতিতে যায় ভারত। বিরতিতে যাওয়ার সময় ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৯৮ রান।
বিরতিতে যাওয়ার পর বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবারো শুরু হয়। দলীয় রানের সঙ্গে ২৫ রান যোগ করার পর আবারো কিছুক্ষণ বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরুর পরই আঘাত হানেন সাকিব আল হাসান। এলবিডব্লিউর ফাঁদে ফেলে মুরালি বিজয়কে (১৫০) সাজঘরে ফেরান তিনি।
সাকিবের পর জুবায়েরের দ্বিতীয় শিকার হন ঋদ্ধিমান সাহা (৬)। ঋদ্ধিমানকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি।
এরপর আবারো আঘাত হানেন সাকিব আল হাসান। অজিঙ্কা রাহানেকে ৯৮ রানে বোল্ড বরে সাজঘরে ফেরান তিনি।
