রাজধানীর মিরপুর এলাকার পল্লবীতে বস্তাবন্দি এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে পল্লবীর প্যারিস রোডের ১৮ নম্বর লাইনের একটি টিনশেড বাসার সামনে থেকে নিহত মিতু বেগমের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ।
পল্লবী থানার এসআই শাহিনুর জানান, স্বামী সবুজ মিয়া ও এক সন্তান নিয়ে গত তিন মাস ধরে ওই বাসাতেই মিতু থাকতেন। তার লাশ পাওয়ার পর থেকে পুলিশ সবুজকে খুঁজছে।
নিহতের চাচা নিজাম গাজী জানান, যৌতুকের টাকা দাবি করে সবুজ মিয়া প্রায়ই মিতুকে মারধর করতো।
নিহতের বোন ঝুমুর বেগমের অভিযোগ, পারিবারিক কলহের জেরে রাতে শ্বাসরোধে মিতুকে হত্যার পর লাশ বস্তায় ভরে বাসার সামনে ফেলে সবুজ তার পাঁচ বছরের ছেলে আলীকে নিয়ে পালিয়েছে।
এসআই শাহিনুর আরো জানান, এ ঘটনায় ঝুমুর বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
