শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৩৯৫ গ্রাম স্বর্ণসহ আহমেদুল আওলাদ খান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে আওলাদের সঙ্গে থাকা লাগেজ থেকে এই স্বর্ণ উদ্ধারের পর তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সোহেল রহমান বলেন, আটক আহমেদুল আওলাদ খান বৃহস্পতিবার একটি ফ্লাইটে আরব আমিরাতের শারজাহ থেকে ঢাকায় আসেন। তবে তার লাগেজ আসে শুক্রবার।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের 'লস্ট অ্যান্ড ফাউন্ড' শাখা থেকে নিজের লাগেজটি সংগ্রহ করেন আওলাদ। পরে কাস্টমস কর্মকর্তারা তার লাগেজটি স্ক্যানিং করে। এতে লাগেজের ভেতরে স্বর্ণের পাওয়া যায়।
সোহেল জানান, পরে লাগেজটি খুলে এর ভেতরের থাকা ইলেকট্রিক ফ্ল্যাক্সের তার, ছুরির বাট, লাগেজের হাতল ও লাগেজের চারপাশে তারের মতো করে পেঁচিয়ে আনা মোট ১ কেজি ৩৯৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার দাম প্রায় ৭০ লাখ টাকা।
