রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১২ জুন ২০১৫, ১৬:৪১
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিমানবন্দর ও যাত্রাবাড়ী এলাকায় এই দুইটি ঘটনা ঘটে। 
 
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, শুক্রবার সকাল ৮টার দিকে বিমানবন্দর গোলচত্বরের সামনের রাস্তা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর। রাস্তা পার হওয়ার সময় কোনো একটি গাড়ি তাকে চাপা দিয়ে যায় বলে পুলিশের ধারণা।
 
অপরদিকে শুক্রবার সকালে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে মাইক্রেবাসের ধাক্কায় সজীব (১৯) নামে এক যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।
 
স্বজনদের বরাত দিয়ে মেডিকেল ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন,  সজীব স্থানীয় একটি কারখানার শ্রমিক। তার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে।
 
লাশ দুইটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।