‘বাঁচতে হলে বিএনপিকে জামায়াত ছাড়তে হবে’

আপডেট : ১২ জুন ২০১৫, ২৩:৪৯
বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘বিএনপি এখন জিয়াউর রহমানের আদর্শের মধ্যে নেই। বিএনপির রাজনীতি এখন জনবিচ্ছিন্ন ও সম্পূর্ণ জামায়াত-নির্ভর। বিএনপির বাঁচতে হলে জামায়াত-নির্ভরতা ছেড়ে আবার জিয়ার আদর্শে ফিরে‌ আসতে হবে।’
 
শুক্রবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ কে এম মাঈদুল ইসলাম চৌধুরী এমপির লেখা ‘আত্মসত্তার রাজনীতি এবং আমার ভাবনা’ বইয়ের প্রকাশনা উত্সবে তিনি এ সব কথা বলেন।
 
সাবেক এই রাষ্ট্রপতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর প্রসঙ্গে বলেন, ‘নরেন্দ্র মোদির কথা, বক্তব্য ও উপস্থাপনা খুবই সুন্দর। আমরা তার বক্তব্য ও উপস্থাপনায় খুব মুগ্ধ।’
তিনি বলেন, ‘সম্প্র্রতি বাংলাদেশ সফরকালে মোদি আমাদের ওপর হিন্দি ভাষা চাপিয়ে দিয়ে গেলেন। সেলসম্যান হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুবই চমত্কার।’
 
বাংলাদেশ-ভারতের মধ্যে সই হওয়া চুক্তি প্রসঙ্গে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের ২২টি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ছিটমহল চুক্তিতে তিনি ৪৮ হাজার লোকের সমস্যা সমাধান করেছেন। কিন্তু তিস্তাপাড়ের দুই কোটি মানুষের সমস্যা সমাধানের কী হবে—বিষয়টি এখনো অনিশ্চিত। আর যে চুক্তিগুলো হয়েছে, সেগুলো আমরা জিতেছি না হেরেছি—এ বিষয় বুঝা যাবে এক বছর পর।
 
তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘বিএনপির দুটি রাজনৈতিক আমল অতিবাহিত হয়েছে। এর মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি, খালেদা জিয়ার একটি। বর্তমানে চলছে বিএনপি-জামায়াতের রাজনীতি।’
 
বদরুদ্দোজা বলেন, ‘যদি বিএনপি বাঁচতে চায়, তাহলে তাদের গ্রামে গ্রামে যেতে হবে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে।’
 
প্রকাশনা উত্সবে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দীন আহমদ।
 
এ ছাড়া, অন্যান্যের মধ্যে ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।