জাফরউল্লাহর শাস্তি বাংলাদেশের শাস্তি: কাদের সিদ্দিকী

আপডেট : ১২ জুন ২০১৫, ১৮:৩৯
 
 
 
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরউল্লাহ চৌধুরীকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ কর্তৃক শাস্তি প্রদান করায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ডা. জাফরউল্লাহর মতো ত্যাগী, প্রতিবাদী একজন মুক্তিযোদ্ধাকে শাস্তি প্রদান দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলাদেশকেই শাস্তি প্রদানের সামিল। তাই সমগ্র জাতির সাথে আমরাও  মর্মাহত।’
 
 
এক বিবৃতিতে কাদের সিদ্দিকী বলেন, ‘একাত্তরে পাকিস্তান হানাদারদের আক্রমণের মুখে সবাই যখন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করছিল, তখন ডা. জাফরউল্লাহ চৌধুরী বিদেশে নিরাপদ জীবন ছেড়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।’
 
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘সামরিক আদালতের নির্দেশে ১৯৯১ সালে আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল, তখন বাংলাদেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উপস্থিত হয়ে বলেছিলেন, ‘কাদের সিদ্দিকীকে কারান্তরীণ রাখার অর্থ হচ্ছে—মুক্তিযুদ্ধ, স্বাধীনতা তথা স্বাধীন বাংলাদেশকে কারারুদ্ধ রাখা।’