গণতন্ত্র বিরোধীরা স্বাধীনতার পক্ষের শক্তি নয়: মঈন

আপডেট : ১২ জুন ২০১৫, ১৯:১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে বলেছেন, একটি পক্ষ থেকে দাবি করা হচ্ছে গণতন্ত্রের আগে দেশের উন্নয়ন প্রয়োজন। অথচ আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল কারণ ছিল দুটি। একটি গণতন্ত্র এবং অন্যটি অর্থনৈতিক মুক্তি। তাহলে যারা আজ গণতন্ত্রের আগে উন্নয়নের কথা বলছেন তারা স্বাধীনতার পক্ষের শক্তি হলেন কীভাবে? আসলে তারা স্বাধীনতার বিপক্ষে কথা বলছেন। যারা গণতন্ত্রের বিপক্ষে কথা বলছেন, তারা কখনো স্বাধীনতা সংগ্রামের পক্ষের শক্তি হতে পারে না।
 
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘শহীদ জিয়ার রাজনীতি ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। স্বাধীনতা ফোরামের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
 
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে মঈন খান বলেন, একটি পক্ষ থেকে দাবি করা হচ্ছে গণতন্ত্রের আগে দেশের উন্নয়ন প্রয়োজন। অথচ আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল কারণ ছিল দুটি। একটি গণতন্ত্র এবং অন্যটি অর্থনৈতিক মুক্তি। তাহলে যারা আজ গণতন্ত্রের আগে উন্নয়নের কথা বলছেন তারা স্বাধীনতার পক্ষের শক্তি হলেন কীভাবে? আসলে তারা স্বাধীনতার বিপক্ষে কথা বলছেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের ক্ষমতা ও অর্থের প্রতি কোন লিপ্সা ছিল না। যদি থাকতো তাহলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরই তিনি ক্ষমতায় যেতে পারতেন!
মঈন খান বলেন, একটি আদর্শকে সামনে রেখে একাত্তরে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, কিন্তু স্বাধীনতার পর আদর্শকে হত্যা করা হলো, বাকশাল কায়েম করা হলো। কিন্তু ওই সময় সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে ক্ষমতায় আনা হয় এবং দেশে গণতন্ত্র আসে।
 
ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক আ ন ম ইউসুফ হায়দার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।