বৃষ্টির খেলা চলছে ফতুল্লায়

আপডেট : ১৩ জুন ২০১৫, ০১:৪৯

টেস্ট ক্রিকেটে ফিল্ডিং করা মানেই সারা দিন দৌড়াদৌড়ি।

 
এমন ব্যাটিং উইকেটে ফিল্ডারদের সেই দৌড়াদৌড়ি আরও বেড়ে যাওয়ার কথা। কিন্তু গতকাল ফিল্ডারদের চেয়েও বেশি দৌড়াতে হলো গ্রাউন্ডসম্যানদের। প্রায় সকাল থেকেই শুরু করে মিনিট কয়েক বাদে বাদেই কাভার নিয়ে ঢুকতে হলো মাঠে; আবার একটু পর বের করতে হলো কাভার।
 
বৃষ্টির এই লুকোচুরির ভেতর দিয়েই শেষ হলো বাংলাদেশ-ভারত ফতুল্লা টেস্টের তৃতীয় দিনের খেলা। লাঞ্চ থেকে শুরু করে আগাম চা-বিরতি পর্যন্ত এই বৃষ্টির আসা-যাওয়া চলল; বৃষ্টির তাণ্ডব দেখেই আগে আগে চা-বিরতি দিয়ে দেয়া হয়। আর সে সময়ই আরও প্রবল হয়ে এলো বৃষ্টি। ফলে আর মাঠেই ঢোকা হলো না ক্রিকেটারদের; এক ঘণ্টা ২০ মিনিট বাকি থাকতেই আনুষ্ঠানিকভাবে খেলা পরিত্যক্ত হলো। 
 
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের পর প্রবল বর্ষণে এই সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটা ভেসেই গেছে। গতকাল তৃতীয় দিনেও খেলা হলো সব মিলিয়ে ৪৭.৩ ওভার। তাতে প্রথম দিনের বিনা উইকেটে অপরাজিত ২৩৯ রানের সঙ্গে আরও ২২৩ রান যোগ করল ভারত। সব মিলিয়ে এ পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেটে ৪৬২ রান। রান তুলতে পারলেও সাকিব ও জুবায়েরের দ্বিমুখী স্পিন আক্রমণে গতকাল নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে সফরকারীরা।
 
শুরুটা করেছিলেন এই দিনই অন্য এক মাইলফলকে পৌঁছে যাওয়া সাকিব আল হাসান।
 
ধাওয়ানের উইকেটটি ছিল দেশের মাটিতে তার শততম টেস্ট উইকেট! দেশের মাটিতে ১০০ টেস্ট উইকেট নেয়া বাংলাদেশের প্রথম বোলারও সাকিব। ভারতের ২৮৩ রানের পর্বতসমান উদ্বোধনী জুটি ভেঙে এই মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
 
শিখর ধাওয়ান তখন ডাবল সেঞ্চুরি দেখতে পাচ্ছিলেন। সেই সময়েই সেট এই ব্যাটসম্যানকে ডাউন দ্য উইকেট আসতে দেখে একটু খাটো লেংথে বল করে নিজের হাতেই ক্যাচ দিতে বাধ্য করলেন সাকিব; ১৭৩ রানে ফিরলেন এই ওপেনার। ধাওয়ান যাওয়ার পরও এক প্রান্তে মুরালি বিজয় লড়াই চালিয়ে গেছেন, সেঞ্চুরি পেয়েছেন। তবে অন্য প্রান্তে শিকার শুরু করে দিয়েছিলেন সাকিব ও লিখন। নিজের পরের ওভারেই রোহিত শর্মাকে বোল্ড করে ফেরান। আর এর পরই বিরাট কোহলির মতো ব্যাটসম্যান লিখনের গুগলিতে চরম বিভ্রান্ত হয়ে ব্যাটে, প্যাডে বল লাগিয়ে বোল্ড হলেন; লিখন এই ডেলিভারি নিয়ে গর্ব করতে পারেন।
 

চতুর্থ উইকেটে অবশ্য মুরালি বিজয় ও রাহানে আবার শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন। দুজনকেই ফিরিয়ে বাংলাদেশকে আবার খেলায় ফেরান সাকিব। বিজয় ফিরলেন ঠিক ১৫০ রান করে। আর রাহানেকে সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে হতাশ করলেন সাকিব। অন্যদিকে দর্শনীয় আরেক গুগলিতে ঋদ্ধিমান সাহাকে ফেরান জুবায়ের।