ফতুল্লা টেস্টের চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংস শুরু করেছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ২৭ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে স্ট্যাম্পিং হয়ে ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল (১৯)।
এরপর ইমরুল কায়েস ও মুমিনুল হকের দৃঢ় ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে টাইগাররা। কিন্তু দলীয় ১০৮ মুমিনুল এবং ১১০ মুশফিকের বিদায় কিছুটা বিপদে ফেলে স্বাগতিকদের।
হরভজনের বলে এগিয়ে এসে মারতে গিয়ে উমেশ যাদবের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুমিনুল হক (৩০)। পরে রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান মুশফিকুর রহিম (২)।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০.১ ওভার শেষে তিন উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১১১ রান। ইমরুল কায়েস ৫৯ ও সাকিব আল হাসান শূণ্য রানে ব্যাট করছেন।
এদিকে ৪৬২ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা দেয় ভারত। শুক্রবার তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৬২ রানে দিন শেষ করেছে সফরকারীরা। চতুর্থ দিনে আর ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করেন দলটির অধিনায়ক বিরাট কোহলি।
