হাবিবুল বাশারকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের নয়া মালিক হয়েছেন তামিম ইকবাল। ফতুল্লা টেস্টের চতুর্থ দিন সকালেই হাবিবুল বাশারকে ছাড়িয়ে যান তিনি। হাবিবুল বাশারের ৩ হাজার ২৬ রান ছাড়িয়ে যেতে তামিমের প্রয়োজন ছিল৭ রান। এদিন ১৯ রান সংগ্রহ করেন তামিম।
৫০ টেস্টে ৯৯ ইনিংসে হাবিবুল বাশারের ব্যাট থেকে আসে ৩০২৬ রান। এর মধ্যে ৩ সেঞ্চুরির সঙ্গে ২৪টি হাফ-সেঞ্চুরি রয়েছে 'মিস্টার ফিফটি'র।
৪০ টেস্টে ৭৭ টি ইনিংস খেলে তামিম ইকবালের সংগ্রহ ৩ হাজার ৩৯ রান। এর মধ্যে ৭ সেঞ্চুরির ও ১৭ টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার।
তবে মাইলফলকে পৌঁছার দিনটিকে স্মরণীয় করতে পারেননি তামিম। রবিচন্দ্রন অশ্বিনের বলে স্টাম্পিং হয়ে ফিরে যান তিনি।
এর আগে তামিমের নামের পাশে লেখা হয়েছে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান (৪৪৩৭), টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি (৭টি), ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি (৬টি), টেস্টে সর্বোচ্চ ইনিংস (২০৬) এবং ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসের (১৫৪) রেকর্ড।
প্রসঙ্গত, ক্রিকেটের ইতিহাসে এমন নজির নেই শচিন টেন্ডুলকার কিংবা রিকি পন্টিংয়ের মতো গ্রেট ক্রিকেটারদের। তবে এক্ষেত্রে তামিমের সবচেয়ে কাছাকাছি আছেন শচিন এবং পন্টিং। দুজনই নিজ নিজ দলের পক্ষে টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক, টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরিরও মালিক। তবে নিজেদের দলের হয়ে টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ ইনিংস দুটি শচিন এবং পন্টিং নিজেদের নামের পাশে লেখাতে পারেননি।
