ফতুল্লা টেস্টের চতুর্থ দিনে শনিবার মাঠে নেমেই টেস্টে হাবিবুল বাশারের গড়া রেকর্ড ভেঙেছেন তামিম ইকবাল। কিন্তু এতে মোটেই দুঃখিত নন হাবিবুল। বরং তিনি চান তামিম টেস্টে ১০ হাজার রান করুক।
হাবিবুল বলেছেন, তামিম রেকর্ড ভাঙা দেখার জন্য আমি আজকে সকালে মাঠে এসেছি। এই টেস্ট ম্যাচ শুরুর আগে তামিমকে বলেছি এই ম্যাচেই রেকর্ড ভাঙার জন্য। আমি এর জন্য বেশি সময় অপেক্ষা করতে চাইনি।
তিনি বলেছেন, তামিম আমার রেকর্ড ভেঙেছে এটা দেখে আমার ভালো লাগছে। প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে টেস্টে আমি বাংলাদেশের সর্বোচ্চ রানের অধিকারী ছিলাম। কিন্তু আমি চাই তামিম ১০ হাজার রান করুক। আমি সবসময় চিন্তা করতাম সাকিব অথবা তামিম আমার রেকর্ড ভাঙবে।
কিছুটা আক্ষেপ নিয়ে হাবিবুল বলেন, বর্তমান সময়ে খেলতে পারলে আমার রান ছয় থেকে সাত হাজার হতে পারতো। শুরুর থেকে এখন অনেক বেশি সুযোগ-সুবিধা রয়েছে। আমার নিজেরও অনেক শতক রান হাতছাড়া হয়েছে। আমার ২৪টি ফিফটির অনেকগুলোই সেঞ্চুরি হতে পারত।
আট বছরের টেস্ট ক্যারিয়ারে হাবিবুল বাশার ৫০টি টেস্টে খেলে ৩ হাজার ২৬ রান থেকে ৭ রান করেছেন। আজ তামিম তার ৪০ তম টেস্টে ১৯ রান যোগ করে মোট সংগ্রহ করেছেন ৩ হাজার ৩৯ রান।
