রাজধানীর নিউ ইস্কাটনে এলোপাতাড়ি গুলি চালিয়ে দুইজনকে হত্যার ঘটনায় চার দিনের রিমান্ড শেষে বখতিয়ার আলম রনিকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস এই তথ্য জানান।
বখতিয়ার আলম রনির মা সংসদ সদ্য পিনু খান। তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গোয়েন্দা সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে বখতিয়ার আলম রনি তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে গুলি ছোড়ার কথা স্বীকার করেছে। তবে সে মদ্যপান অবস্থায় ছিল বলে দাবি করেছেন রনি। এছাড়া গাড়িতে তার সঙ্গে রনির আরো তিন বন্ধু ছিল। পুলিশ ঐ তিন বন্ধুকে আটকের চেষ্টা করছে।
সূত্র জানায়, ঘটনাটি পরিকল্পিত না হলেও কেন সে গুলি করলো এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, রনির তিন বন্ধুকে আটক করতে পারলে বিষয়টি আরো পরিষ্কার হবে। তারা হত্যার জন্য দায়ী না হলে তাদের সাক্ষী বানানো হতে পারে বলেও ঐ সূত্র জানিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার জানান, ঘটনাটি ঘটেছে পহেলা বৈশাখের আগের রাতে। তাই মধ্যরাতেও রাস্তায় কিছুটা যানজট ছিল। হোটেল সোনারগাঁও থেকে রনিসহ পাঁচজন মদ পান করে মাতাল অবস্থায় মগবাজারে এক বন্ধুকে নামিয়ে দিতে যান। নামিয়ে দিয়ে বাসায় ফেরার সময় যানজটের কবলে পড়েন। ঐ সময় তিনি ছিলেন মদ্যপ। তাই নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি। রাস্তায় গুলি ছোড়েন। মুহূর্তেই রাস্তা ফাঁকা হয়ে যায়। গাড়ি নিয়ে চলে যান তিনি। নিজে জানতেনও না তার ছোড়া গুলিতেই নিভে গেছে দুইজন নিরীহ ব্যক্তির প্রাণ।
