গাজীপুরে তিন বাড়িতে ডাকাতি, গৃহকর্তাসহ আহত ৩

আপডেট : ১৩ জুন ২০১৫, ১৬:৪২
গাজীপুর মহনগরীর হায়দারাবাদ এলাকায় শুক্রবার রাতে তিন বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামালসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদলের হামলায় দুই গৃহকর্তাসহ তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। 
   
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে হায়দারাবাদ এলাকার হাকিম উদ্দিনের (৩৭) বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। বাড়ির গেট ভেঙ্গে তারা ঘরের ভিতর প্রবেশ করে। ডাকাতদল ধারালো অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে ডাকাতদল গৃহকর্তা আবদুল হাকিমকে গুরুতর আহত করে। 
পরে ডাকাতদল একই এলাকার আমিরুল ইসলামের বাড়িতে হানা দিয়ে নগদ দুই লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুট করে। বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল গৃহকর্তা আমিরুল ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করে। পরে ডাকাতদল পাশ্ববর্তী ইতালী প্রবাসী জালাল উদ্দিনের বাড়িতে হানা দিয়ে নগদ ১২ হাজার টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। 
 
আহতদের রাতেই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে গৃহকর্তা হাকিম উদ্দিনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তার ছোট ভাই এমারত হোসেন। 
 
জয়দেবপুর থানার পুবাইল ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, তিনি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।