সরকারের সহযোগিতায় লুটতরাজ চলছে: বিএনপি

আপডেট : ১৪ জুন ২০১৫, ১২:০৭
বিএনপি দেশে সরকারের সহযোগিতায় লুটতরাজ চলছে বলে অভিযোগ তুলেছে। দলটির অভিযোগ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থনৈতিক খাতে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সামাল দিতে ব্যর্থ হয়েছেন।
 
শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।
 
আসাদুজ্জামান রিপন বলেন, জনগণের গচ্ছিত আমানত লুণ্ঠিত হয়ে যাচ্ছে। এ বিষয়ে অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে, উনি জবাব দেন, ওরা ডাকাত। ডাকাত ধরা অর্থমন্ত্রীর কাজ। তিনি ডাকাতদের না ধরে বলে দেন, ওরা ডাকাত। অর্থমন্ত্রীর সমস্যা কোথায়, জনগণ তা জানতে চায়। ব্যাংকের আমানত নষ্ট করার জবাব অর্থমন্ত্রীকে দিতে হবে।
 
তিনি আরো বলেন, ব্যাংকিং খাতে হরিলুট হলেও অর্থমন্ত্রী এগুলো না দেখে চোখ বন্ধ করে থাকেন। কিন্তু এসব দেখার দায়িত্ব তার। সরকারের আশির্বাদপুষ্ট দুর্নীতিবাজ ও ব্যর্থ ব্যবস্থাপনা পরিচালকদের আবারও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো পুনঃনিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
 
দেশে জবাবদিহিতা না থাকা এবং শক্তিশালী বিরোধী দলের পরিবর্তে ‘গৃহপালিত ও পাতানো’ বিরোধী দল থাকার কারণেই সরকার ইচ্ছেমতো কাজ করছে বলে অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র।