যে মেসিকে ভালবাসেনা সে ফুটবলের কিছুই জানে না: তেভেজ

আপডেট : ১৩ জুন ২০১৫, ১৯:৪৩
বার্সেলোনা তারকা লিওনেল মেসির প্রতি যে ব্যক্তি ভালবাসা প্রদর্শন করে না সে ফুটবল সম্পর্কে কিছুই জানে না বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ।
 
শনিবার প্যারাগুয়ের বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচ দিয়ে কোপা মিশন শুরু করা আর্জেন্টিনা দলের প্রধান আকর্ষণই হচ্ছেন মেসি। চার বারের ব্যালন ডি’অর খেতাব জয় করা বার্সেলোনা সুপার স্টার মেসির নেতৃত্বেই গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ওঠেছিল আলবিসেলেস্তারা। যদিও তৎকালনীন কোচ আলেসান্দ্রো সাবেলার উপেক্ষার কারণে ওই আসরে অংশ নিতে পারেননি জুভেন্টাস আক্রমণের প্রধান সেনাপতি তেভেজ। 
 
৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলার মনে করেন তার দেশের সমর্থকদের কাছ থেকে সম্মান পাওয়ার দাবি মেসি রাখেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, জনগণ মেসিকে ভালবাসে। কারণ তিনি আর্জেন্টিনার নাগরিক এবং বিশ্বের সেরা ফুটবল তারকা।’ 
 
কোপা আমেরিকার ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে তেভেজ আরো বলেন, ‘যে ব্যক্তি মেসিকে ভালবাসে না, সে ফুটবল সম্পর্কে কিছুই জানে না। আমি বুঝি না তাদের মাথার মধ্যে কোন ধরনের চিন্তা-চেতনা বিরাজ করে। আমি মনে করি মেসি এখন তার ক্যারিয়ারের সেরা অবস্থানে রয়েছে।’