ছিনতাইয়ের অভিযোগে দুই শিক্ষার্থী গ্রেফতার

আপডেট : ১৩ জুন ২০১৫, ২০:০০
রাজধানীর পশ্চিম মালিবাগ থেকে ছিনতাইয়ের অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মতিউর রহমান তন্ময় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বায়েজিদ আহমেদ হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী। 
 
শনিবার ভোরে ডাক্তার সাহেবের গলি থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি ক্যামেরার লেন্স, চারটি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
 
রমনা মডেল থানার এসআই টোকনুজ্জামান জানান, শুক্রবার রাত ৯ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিহাব বিন আমিন ও তার চাচাত ভাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সিয়াম হাসান মালিবাগ এলাকায় ছিনতাইয়ের শিকার হন। তাদের অভিযোগের ভিত্তিতে মতিউর ও বায়েজিদকে গ্রেফতার করা হয়।
 
শিহাব বলেন, তার চাচাত ভাই সিয়াম ফটোগ্রাফির কাজ করেন। তিনি বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানের ছবি তুলে দেন। ইন্টারনেটে ‘সিম ফটোগ্রাফি’ নামে তার একটি সাইট আছে। সেখানে সিয়ামের ফোন নম্বর দেয়া আছে। শুক্রবার সকালে সিয়ামকে ফোন করে একজন তার ভাগ্নের জন্মদিনের ছবি তুলে দেয়ার বিষয়ে কথা বলতে পশ্চিম মালিবাগের ডাক্তার সাহেবের গলিতে যেতে বলেন। সেখানে শিহাবকে সঙ্গে নিয়ে যান সিয়াম। রাতে পৌঁছালে ৮/১০ জন যুবক ওই গলির এক কর্নারে নিয়ে তাদের মারধর করে ক্যামেরা, মোবাইল ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।