জিম্বাবুয়ে দলকে আনতে একটা আর্থিক চুক্তির কথা স্বীকার করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। তবে আফ্রিকান দলটিকে পাকিস্তানে আনার জন্য জন্য ব্যয় হওয়া অর্থকে ‘ঘুষ’ বলতে রাজি নন পিসিবি প্রধান।
পাকিস্তানের লাহোরে ২০০৯ সালে শ্রীলংকা দলকে বহনকারী বাসে হামলার ছয় বছর পর এই প্রথম টেস্ট খেলুড়ে কোন দেশটি সফর করলো। এ জন্য জিম্বাবুয়ের প্রত্যেক খেলোয়াড়কে সাড়ে ১২ হাজার ডলার করে দেয়া হয়েছে বলে গুঞ্জন রয়েছে। জিম্বাবুয়ে সরকার প্রথমে পাকিস্তান সফর না করতে ক্রিকেট দলকে নির্দেশ দেয়। এরপরই আর্থিক চুক্তিতে আসে পিসিবি।
সফরটির জন্য পিসিবি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে যে পাঁচ লাখ ডলার দিয়েছিল তা থেকেই খেলোয়াড়দের অর্থ দেয়া হয়েছে বলে জানায় ক্রিকইনফো। বাসস
