বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সরকারের মুখাপেক্ষী না হওয়ার পরামর্শ ইউজিসির

আপডেট : ১৩ জুন ২০১৫, ২১:২৬
‘প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু উৎসর্গ করার মনোভাব রাখতে হবে। সব সময় সরকারের মুখাপেক্ষী না থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। কোনো বিষয়ে যথাযথ উদ্যোগ নিলেই তা সম্পন্ন করা সম্ভব।’ শনিবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাজকর্ম বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এসব কথা বলেন।
 
অধ্যাপক আবদুল মান্নান বলেন, বিশ্ববিদ্যালয় নিজের উদ্যোগে বিভাগ খুলবে। সেটি যৌক্তিক মনে হলে ইউজিসি পূর্ণ সমর্থন দিবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান হতে হবে বিশ্বমানের। কারণ বৈশ্বিক শিক্ষার মানের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে প্রতিযোগিতায় পাল্লা দেয়া সম্ভব নয়।
 
সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক শর্মিষ্ঠা রায়ের সভাপতিত্বে এবং বিভাগীয় অধ্যাপক সৈয়দা আফরিনা মামুন ও ড. শাহীদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। স্বাগত বক্তব্য দেন সমাজকর্ম সমিতির কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মতিন।
 
এতে অন্যান্যের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা, বিভাগের প্রাক্তন অধ্যাপক আবু বকর সিদ্দিক ভূইয়া, অধ্যাপক জালাল উদ্দিন ও অধ্যাপক রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।