শুক্রবার পবিত্র রমজান শুরু হতে পারে

আপডেট : ১৪ জুন ২০১৫, ০১:২৬

আগামী ১৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে বৃহস্পতিবার রাতে সেহির খাওয়ার মাধ্যমে শুক্রবার পবিত্র রমজান শুরু হবে।

 

গতকাল বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এ তথ্য জানিয়েছে। সোসাইটি জানিয়েছে, আগামী ১৬ জুন মঙ্গলবার রাত ৮-৫ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যাকলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। এটি পরদিন ১৭ জুন সন্ধ্যা ৬-৪৭ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ৭ ডিগ্রি নিচে ২৮৭ ডিগ্রি দিঘংশে অবস্থান করবে এবং ৩৬ মিনিট শেষে সন্ধ্যা ৭-২৩ মিনিটে অস্ত যাবে। এ দিন চাঁদের মাত্র ১ শতাংশ আলোকিত থাকলেও অপরিমিত উচ্চতার জন্য বাংলাদেশ থেকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। পরদিন ১৮ জুন সন্ধ্যা ৬-৪৭ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্তরেখা থেকে ১৭ ডিগ্রি ওপরে ২৮১ ডিগ্রি দিঘংশে অবস্থান করবে এবং প্রায় এক ঘণ্টা ২৫ মিনিট দেশের আকাশে অবস্থানশেষে রাত ৮-১২ মিনিটে ২৮৮ ডিগ্রি দিঘংশে অস্ত যাবে। এ সময় চাঁদের ৪ শতাংশ আলোকিত থাকবে। বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে একে বেশ স্পষ্টভাবে দেখা যাবে।