ল্যাতিন আমেরিকার ফুটবল লড়াই

আজ মাঠে নামছে ব্রাজিল

আপডেট : ১৪ জুন ২০১৫, ১১:৪৬

দর্শকদের দুয়োধ্বনিতে মেক্সিকো-বলিভিয়ার ড্র

 
মেক্সিকো আর বলিভিয়ার খেলোয়াড়রা গতকাল শনিবার ভোরে অনুষ্ঠিত কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলাটিতে ভালো ফুটবল উপহার দিতে না পারায় দর্শকরা দুয়োধ্বনি দিয়েছে। খেলাটি গোলশূন্য ড্র হয়।
 
নিরুত্তাপ এ খেলায় প্রথম আক্রমণটি করে বলিভিয়া। তবে রিকার্দো পেদ্রিয়ালের নেয়া শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে মেক্সিকোর স্ট্রাইকার রাউল হিমিনিসের হেড পোস্টের পাশ দিয়ে চলে যায়।
 
এই দুটি ঘটনা ছাড়া ম্যাচে বলার মতো তেমন কিছু ঘটেনি। গোলশূন্য ড্র ছিল তাই যথার্থ। রেফারি শেষ বাঁশি বাজালে বিরক্ত দর্শকরাও দুয়োধ্বনিতে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। 
 
গত বছরের বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে ওঠা ব্রাজিলের কোপা আমেরিকা শুরু হচ্ছে আজ রবিবার থেকে। বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় দক্ষিণ চিলির টেমুকোর মিউনিসিপাল জার্মান মেকার স্টেডিয়ামে নেইমার বাহিনী জয়ের লক্ষ্য নিয়ে মুখোমুখি হচ্ছে পেরুর সঙ্গে। একই গ্রুপে বাংলাদেশ সময় রাত একটায় সেন্ট্রাল চিলির র্যানকাগুয়োতে কলম্বিয়া মাঠে নামবে ভেনিজুয়েলার বিপক্ষে। এর মধ্য দিয়ে দীর্ঘ এক বছর পর আবারো জাতীয় দলের হয়ে খেলবেন অধিনায়ক স্ট্রাইকার র্যাডামেল ফ্যালকাও।
 
ব্রাজিল এরই মধ্যে গত বছরের বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে ওঠেছে। নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বসেরা ওই প্রতিযোগিতার সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছিলো স্যালেচাওদের। স্মরণকালের সবচেয়ে বাজে ওই পারফরম্যান্সের জন্য দেশে-বিদেশে অনেক দুয়োধ্বনি শুনতে হয় তাদের। তবে এর পর থেকে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে ব্রাজিল ওই হতাশা কাটিয়ে উঠেছে বলে জানিয়েছেন দলটির তারকা ডিফেন্ডার ডেভিড লুইজ।
 
নতুন কোচ কার্লোস দুঙ্গার তত্ত্বাবধানে দারুণ ছন্দে আছে ব্রাজিল। কোপা আমেরিকা প্রতিযোগিতায় মাঠে নামার আগে গত দশ খেলার সবক’টিতেই জয় রয়েছে তাদের। এ ব্যাপারে লুইজ বলেন, ‘দলের যেসব খেলোয়াড়রা বিশ্বকাপে ছিলো—তারা এখন আরো বেশি পরিপক্ব।’ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ওই ভরাডুবির ম্যাচে ব্রাজিলের নেতৃত্ব দেয়া লুইজ আরো বলেন, ‘প্রতিদিনই আমরা কঠোর পরিশ্রম করছি, গর্জে উঠতে চাচ্ছি।’ দলের বর্তমান অবস্থাটা এভাবেই মূল্যায়ন করলেন ঝাঁকড়া চুলের অধিকারী এই ডিফেন্ডার, ‘আমার জানা মতে ব্রাজিল এটাই দলে সবচেয়ে ভালো পরিবেশ।’
 
কোপা আমেরিকায় প্রথম ম্যাচ পেরুর বিপক্ষে মাঠে নামার আগে সাম্প্র্রতিক নৈপুণ্য প্রেরণার জোগান দিচ্ছে ব্রাজিল শিবিরে। দলটির সামপ্রতিক নৈপুণ্যের ভান্ডারে রয়েছে টানা দশ জয়, খেলাগুলোতে ২১টি গোলের বিপরীতে মাত্র দুটি গোল হজম করেছে তারা। এর মধ্যে গত বুধবার হন্ডুরাসের বিপক্ষে ১-০ গোলে এবং গত রবিবার মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি সেরেছে কোচ দুঙ্গার দল। দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল প্রতিযোগিতার জন্য ব্রাজিল পুরো প্রস্তুত বলে জানালেন লুইজ। তিনি বলেন, ‘কোপা আমেরিকার জন্য আমরা সর্বোচ্চ ভালো প্রস্তুতিটাই নিয়েছি।’
 
এবারের কোপা আমেরিকা অনেক কঠিন হবে বলে মনে করেন লুইজ, ‘কোপা আমেরিকার ইতিহাসে এবারের আসরটা সবচেয়ে কঠিনগুলোর একটি হতে পারে। এই ব্রাজিলিয়ানের দৃষ্টিতে এবারের শক্তিশালী তিন প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং স্বাগতিক চিলি। প্যারি সেইন জার্মেইয়ের এই ডিফেন্ডার বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবির কারণে হতাশ সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি মনে করি তাদের হতাশাটা স্বাভাবিক। তবে ব্যর্থতা খেলারই অংশ। এসব ব্যর্থতাই আমাদের আরো বেড়ে উঠতে, আরো পরিপক্ব হতে এবং গর্জে উঠতে সাহায্য করে।’
 
দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলোর মধ্যে অন্যতম ছন্দহীন দল পেরু। দলটি সেই ১৯৭৫ সালে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার পর আর একবারো ফাইনালে পৌঁছাতে পারেনি। তাছাড়া পেরুর সামপ্রতিক পারফরম্যান্সও তেমন ভালো নয়, যা ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে তাদের প্রেরণা দিতে পারে। 
 
এদিকে, কলম্বিয়া-ভেনিজুয়েলা ম্যাচে সবার নজর থাকছে ফ্যালকাওয়ের দিকে। মোনাকো থেকে ধারে ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়ে সদ্য সমাপ্ত মৌসুম মোটেও ভালো যায়নি এই স্ট্রাইকারের। মাত্র চার গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। ফলে নতুন মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে হতে পারে ফ্যালকাওকে। এরই মধ্যে তাকে নেয়ার জন্য আগ্রহ দেখিয়েছে চেলসি কোচ হোসে মরিনহো। কিন্তু আর্সেনালের কলম্বিয়ান গোলরক্ষক ওসপিনা স্বদেশী এই স্ট্রাইকারকে গানার শিবিরেই দেখতে চান।
 
সতীর্থ ফ্যালকাওয়ের প্রশংসা করে ওসপিনা বলেন, ‘মাঠে এবং মাঠের বাইরে সে দারুণ একজন অধিনায়ক। সে এমন একজন ব্যক্তি যাকে সবসময় উদাহরণ মানা যায়। এখন সে জাতীয় দলে, তাই এখন সে আমাদের হয়ে নৈপুণ্য দেখাবে। ম্যানচেস্টার ইউনাইটেডে কী হয়েছে—এখানে এটা কোনো ব্যাপার না। কেননা তার মনোভাব সবসময়ই ইতিবাচক। আমাদের মনোভাবও শান্ত। কারণ আমাদের সেরা স্ট্রাইকার দলে আছে এবং দলে তার প্রয়োজনীয়তাটাও আমরা বুঝতে পারি।
 
প্রতিপক্ষ ভেনিজুয়েলাকে কলম্বিয়া শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই নিচ্ছে বলে জানালেন ওসপিনা, ‘অবশ্যই, ভেনিজুয়েলা উদীয়মান একটি দল হিসেবে এই টুর্নামেন্টে এসেছে এবং তাদের গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড় রয়েছে, যাদের অনেক অভিজ্ঞতা আছে এবং তারা কিছু অর্জনের জন্য মুখিয়ে আছে।’
 

—এএফপি/সকারওয়ে