প্যারাগুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল আর্জেন্টিনা

আপডেট : ১৪ জুন ২০১৫, ১২:৪৭
 
কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করতে হলো আর্জেন্টিনাকে। রবিবার ভোরে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিওনেল মেসির দল।
 
লিওনেল মেসি ও সের্হিও আগুয়েরোর গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে দারুণভাবে খেলায় ফিরে পয়েন্টে ভাগ বসায় প্যারাগুয়ে।
 
ম্যাচের ২৯তম মিনিটে গোলমুখে ব্যাকপাস দিয়েছিলেন প্যারাগুয়ের ডিফেন্ডার মিগুয়েল সামুদিও, কিন্তু তার আস্তে করে বাড়ানো বল দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের বাধা এড়িয়ে জালে জড়ান ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরো। ৩৪তম মিনিটে প্যারাগুয়ের ডি বক্সের ডান-দিক দিয়ে ঢুকে পড়া আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়াকে ফাউল করেন সামুদিও। ফলে পেনাল্টি পায় ১৪ বারের চ্যাম্পিয়নরা। তা থেকেই দলের দ্বিতীয় গোলটি করেন মেসি।
 
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় প্যারাগুয়ে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ৬০তম মিনিটে ভালো একটা সুযোগও পায় তারা, কিন্তু সেটা কাজে লাগাতে ব্যর্থ হয় দলটি। তবে এর খানিক পরেই ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান কমান আন্তোনিও ভালদেস।
এর দুই মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেছিলেন মেসি। রক্ষণের বাধা এড়িয়ে গোলরক্ষককে কাটিয়ে বাঁ-দিক দিয়ে ঢুকে পড়েছিলেন টানা চারবারের বর্ষসেরা এই তারকা, কিন্তু দুরূহ কোণ থেকে নেওয়া তার কোনাকুনি শটটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৭তম মিনিটে আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন আর্জেন্টিনার হাভিয়ের পাস্তোরে। পিএসজির এই মিডফিল্ডারের জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৭১তম মিনিটে বড় বাঁচা বেঁচে যায় আর্জেন্টিনা। দেরলিস গনসালেসের কোনাকুনি শটে ভালদেস পা লাগালেই গোল হতে পারত, কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক এই ফরোয়ার্ড সেটা পারেননি। এর দুই মিনিট পর ফের হতাশ হতে হয় আর্জেন্টিনাকে। বাঁ-দিক থেকে এভার বানেগার কোনাকুনি শটে পা ছোঁয়ালেই গোল হতো, কিন্তু পারেননি মেসি। ৭৭তম মিনিটে প্যারাগুয়ের আরেকটি দারুণ প্রচেষ্টা ঠেকিয়ে দেন আর্জেন্টিনা গোলরক্ষক রোমেরো।             
 
৮৮তম মিনিটে প্যারাগুয়েকে সমতায় ফেরার লুকাস বারিওস। ডিফেন্ডার পাওলো দা সিলভার হেড থেকে বল পেয়ে ১৫ গজ দূর থেকে জোরালো নিচু শটে সমতাসূচক গোলটি করেন বদলি হিসেবে নামা এই ফরোয়ার্ড।