সরকার জিডিপির ২.২ ভাগ এবং বাজেটের ১২ ভাগ সামাজিক সুরক্ষায় ব্যয় করছে বলে উল্লেখ করেছেন আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ‘এ বছর সামাজিক সুরক্ষা খাতের আওতায় বিভিন্ন মন্ত্রণালয় বিক্ষিপ্তভাবে ১৪০টি প্রকল্প বাস্তবায়ন করছে। ফলে একই ধরনের প্রকল্প বিভিন্ন মন্ত্রণালয় হাতে নিচ্ছে। অপর দিকে, একজন সুবিধাভোগী একই ধরনের বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্ত হচ্ছেন। এ সমস্যা দূর করতে সরকার সামাজিক সুরক্ষা খাতকে ঢেলে সাজাচ্ছে। এখন থেকে একজন ব্যক্তির জীবনচক্র বিশ্লেষণ করে সামাজিক সুরক্ষা কৌশল হাতে নেয়া হবে।’
মুস্তফা কামাল বলেন, ‘সামাজিক সুরক্ষা কার্যক্রম ঠিকমতো চলছে কি না, তা পর্যবেক্ষণ করতে জাতীয় পর্যায়ে মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় পরিবীক্ষণ ইউনিট থাকবে। সেই সাথে এনজিও এবং উন্নয়ন সহযোগী সংগঠনগুলোও থাকবে।’
রবিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘অতি দারিদ্র্য দূরীকরণ: উন্নয়ন কৌশল ও মডেল’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দরিদ্রতাকে জাতির জন্য অভিশাপ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে বিভিন্ন কৌশলের সাথে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বন্ধন এ দুটি মূল্যবান সম্পদকেও কাজে লাগাতে হবে।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিসের আয়োজনে আজকের সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তরিক উল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ উদ্দিন হাসেমি বক্তব্য রাখেন।
