রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের রিট আবেদন খারিজ করে আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন। ফলে রাসিক মেয়র পদ থেকে আপাতত সাময়িক বরখাস্তই (সাসপেন্ড) থাকছেন বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল।
রাসিক মেয়র বুলবুলের বিরুদ্ধে পুলিশ কনস্টেবল হত্যাসহ পাঁচ মামলায় বিচারিক আদালত অভিযোগপত্র গ্রহণ করায় গত ৭ মে তাকে সাসপেন্ড আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মেয়র বুলবুল।
রিটের শুনানি শেষে গত ২৮ মে হাইকোর্টের একটি বেঞ্চ তাঁর সাসপেন্ডের আদেশ স্থগিত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না? তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ৪ জুন চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ স্থগিত এবং শুনানির জন্য রিটটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
রাসিক মেয়র বুলবুলের আইনজীবী আমিনুল হক হেলাল সাংবাদিকদের বলেন, চেম্বার বিচারপতির আদালতের স্থগিতাদেশ বহাল রেখে আবেদনটি নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এখন হাইকোর্টে মামলাটির শুনানি হবে।
এদিকে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাসপেন্ডের ২৩ দিন পর গত ৩১ মে রাসিকের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উল আযীমকে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
জানা যায়, ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতা বুলবুল বিপুল ভোটে রাসিক মেয়র নির্বাচিত হন। সরকার বিরোধী আন্দোলনে একই বছরের ২৬ ডিসেম্বর নগরীর রাজারহাতা এলাকায় বিএনপি-জামায়াতের একটি মিছিল থেকে নিক্ষেপ করা বোমায় পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার নিহত এবং অপর নয়জন আহত হন।
অন্যদিকে গত ছয় জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা অবরোধ চলাকালে ১৯ জানুয়ারি রাতে নগরীর ভদ্রায় বাসে পেট্রোলবোমা হামলা; ২২ জানুয়ারি দুপুরে নগরী কাদিরগঞ্জ ট্রাকের বহরে ও ২৩ জানুয়ারি রাত সাড়ে ১২টায় নগরীর কাপাশিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ পাহারায় ঢাকাগামী গাড়িবহরে পেট্রোলবোমা হামলা হয়।
এসব ঘটনায় পুলিশের মামলায় মেয়র বুলবুলকে হুকুমের আসামি করা হলে গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে চলে যান। ওই অবস্থায় দাপ্তরিক নথিতে স্বাক্ষর করছিলেন তিনি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, মেয়র বুলবুলের বিরুদ্ধে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যা ও পুলিশের ওপর হামলাসহ ১১টি মামলা রয়েছে।
গত বছর ২৯ সেপ্টেম্বর পুলিশ কনস্টেবল হত্যা মামলায় এবং ৪ ফেব্রুয়ারি বোয়ালিয়া থানার ওসিকে হত্যা প্রচেষ্টার মামলায় তার বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয়। পরে আরও তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হয়।
