ডিএসইতে লেনদেন সাড়ে ৩০০ কোটি টাকার

আপডেট : ১৪ জুন ২০১৫, ১৯:৩৭
পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। রবিবার উভয় বাজারে সূচকের বড় পতন হয়েছে। লেনদেন নেমে এসেছে সাড়ে ৩০০ কোটি টাকায়। এ দিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৭০ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। এ দিকে, বাজারে দরপতনের প্রবণতা থাকলেও দর বৃদ্ধির শীর্ষ দশে উঠে এসেছে বস্ত্র খাতের তিনটি কোম্পানি।
 
ডিএসইর তথ্য অনুযায়ী—ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে। এ ছাড়া, মিথুন নিটিং এবং আল-হাজ্ব  টেক্সটাইল রয়েছে। অন্য কোম্পানিগুলো হচ্ছে—হাক্কানি পাল্প, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট,  সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিক এবং মার্কেন্টাইল ব্যাংক।
 
তথ্যে দেখা গেছে—ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬১ কমে ৪ হাজার ৪৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ২৩ কমে ১ হাজার ৭২০ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫৩ কোটি ২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি টাকা কম। লেনদেনকৃত ৩১২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের।
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২২৪ কমে ১৩ হাজার ৬৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৭ কোটি ৬১ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ৮ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের।
 
ডিএসই জানিয়েছে—পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্টের কর্পোরেট উদ্যোক্তা সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন কোম্পানির সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ন্যাশনাল হাউজিংয়ের ৫১ লাখ ২৩ হাজার ২৭৭টি শেয়ারের সবগুলো শেয়ার সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন বিক্রি করবে। বাজার দরে স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার বিক্রি করবে উদ্যোক্তা কোম্পানিটি।