চট্টগ্রামে অঞ্জলী হত্যা: সাবেক মাদ্রাসা কর্মকর্তা রিমান্ডে

আপডেট : ১৪ জুন ২০১৫, ১৯:৫৪
চট্টগ্রামের অঞ্জলী রানী দেবী হত্যার ঘটনায় গ্রেপ্তার মাদ্রাসা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেয়ার অনুমতি দেয়া হয়েছে পুলিশকে।
 
রবিবার এই ঘটনায় গ্রেপ্তার রেজাকে আদালতে হাজির করে ১২ দিনের হেফাজতের আবেদন করলে মহানগর হাকিম রহমত আলী ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
 
আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুক্তাকি ইবনু মিনান জানিয়েছেন।
 
চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যাকাণ্ডের প্রায় ছয়মাস পর শনিবার রাতে নগরীর জিইসি মোড় থেকে চট্টগ্রামের পটিয়া উপজেলার জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার সাবেক ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ রেজাকে (৪৮) আটক করে গোয়েন্দা পুলিশ।
 
চকবাজার তেলিপট্টি মোড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন ওই শিক্ষিকা। গত ১০ জানুয়ারি সকালে কলেজের উদ্দেশে বাসা থেকে বের হয়ে তেলপট্টি মোড়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় মুখোশ ও শরীরে জ্যাকেট পড়া চার সন্ত্রাসী এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা পর অঞ্জলী দেবী মারা যান।