স্থল সীমান্ত চুক্তির পর তিস্তায় সমাধান চায় বাংলাদেশ

আপডেট : ১৪ জুন ২০১৫, ২৩:৫২
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ঢাকা সফরে ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল হস্তান্তর হয়েছে। একইসঙ্গে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়ায় জোর দিয়েছে দুই দেশ। এখন বাংলাদেশ তিস্তার পানি বণ্টন চুক্তির সমাধান করতে চায়।
 
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেন, এখানে ইতিহাস রচিত হয়েছে। নির্দিষ্ট সময়ে দুই দেশের মধ্যে ছিটমহলের বিনিময় হবে। এ অগ্রগতিতে আমরা খুশি। নরেন্দ্র মোদীর সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং ঢাকা সব সময় নয়াদিল্লির সঙ্গে গভীর সম্পর্ক চায়।
 
স্থল সীমান্ত চুক্তির অনুসমর্থনকে তিনি দুই দেশের সম্পর্কের বড় ‘মাইলস্টোন’ উল্লেখ করে বলেন, আরো অনেক ক্ষেত্রে দুই দেশের এক সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সফর দুই দেশের সম্পর্কের ভিত্তিকে আরো শক্তিশালী ও নিবিড় করেছে এবং শিগগিরই তিস্তার পানি বণ্টন চুক্তি সই হবে বলে তিনি আশাবাদী।
 
প্রসঙ্গত, বাংলাদেশ সফরকালে নরেন্দ্র মোদী বলেন, তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে ন্যায্য সমাধান হবে।